সিঙ্গাপুরে চিকিৎসায় অগ্রগতি নেই হাদিকে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে
Oplus_131072
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির জীবন রক্ষায় এবার যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, “হাদিকে UK আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।” তবে পরে জানা যায়, চিকিৎসকদের পরামর্শে যুক্তরাজ্যের পরিবর্তে যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রস্তুতি চলছে।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তার ফেসবুক পোস্টে লেখেন, “আমাদের প্রিয় ভাই (ওসমান গণি) ওসমান বিন হাদী’র যথাযথ চিকিৎসা মূলত: সিঙ্গাপুরে সম্ভব না। তাঁর এখন যে অপারেশনটা দরকার সেটার প্রপার ম্যানেজমেন্ট সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বা মাউন্ট এলিজাবেথের নেই। তাঁকে যদি কোনভাবে বৃটেনের কুইন এলিজাবেথ হসপিটাল, বার্মিংহামে নেয়া যেত তাহলে শেষ একটা চেষ্টা করা যেত।”
তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, হাদিকে যুক্তরাষ্ট্রের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে জুমার নামাজের পর শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা হয়। মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।
হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং নিয়মিত গণসংযোগ করছিলেন।

















