ভোটার হয়ে ফিরলেন তারেক রহমান
Oplus_131072
দীর্ঘ ১৭ বছর পর ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি নির্বাচন ভবনে এসে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) ১০৪ নম্বর কক্ষে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। মাত্র ১৬ মিনিটেই শেষ হয় তার ভোটার হওয়ার প্রক্রিয়া। জানা গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন।
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির মাধ্যমে তারেক রহমানের ভোটাধিকার প্রয়োগ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সব বাধা দূর হলো। ইতোমধ্যে বগুড়া-৭ আসন থেকে তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৯ ডিসেম্বর।
ইসিতে প্রবেশের আগে রাস্তার দুপাশে দাঁড়ানো দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। নিবন্ধন কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, এনআইডি বিভাগের মহাপরিচালক এবং আইডিপি প্রকল্পের পরিচালক।
তফসিল ঘোষণার পর তারেক রহমান ছাড়াও শেখ রেহেনা, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ আরও অনেকে ভোটার হয়েছেন। এর আগে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান ভোটার হন।
২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হলেও বিদেশে অবস্থান করায় এতদিন ভোটার হতে পারেননি তারেক রহমান। রাজনৈতিক কারণে তিনি লন্ডনে চলে যান এবং দীর্ঘদিন সেখানেই অবস্থান করেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

















