৭ নভেম্বর জাতীয় বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব ছিল আধিপত্যবাদ-বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক মোড় পরিবর্তনকারী ঘটনা।
বৃহস্পতিবার ৬ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি আগামীকাল ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তারেক রহমান বলেন, “১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। এই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্ত হন এবং তার নেতৃত্বে দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।”
তিনি বলেন, স্বাধীনতাত্তোর শাসকগোষ্ঠী একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করে এবং দেশের মানুষকে আধিপত্যবাদের করাল গ্রাসে ঠেলে দেয়। ৭ নভেম্বরের বিপ্লব সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছিল এক ঐতিহাসিক প্রতিরোধ।
তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্রক্ষমতা দখলে রেখেছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি ও অপশাসনের মাধ্যমে তারা দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, “গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এখন সময় এসেছে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মৌলিক মানবাধিকার নিশ্চিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার।”
তারেক রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান।




















