ভুয়া সনদে কুবিতে চাকরি বহিষ্কৃত প্রভাষক রাহিদ
Oplus_131072
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদকে ভুয়া অভিজ্ঞতার সনদপত্র জমা দিয়ে চাকরি নেওয়ার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশেও অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৯ জানুয়ারি রাহিদকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক নিয়োগের বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন তাকে নিয়োগ দেন। নিয়োগের সময় রাহিদ কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে ২০১৬ সালের ২৫ নভেম্বর থেকে ২০২২ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ছয় বছর শিক্ষকতা করার একটি ভুয়া সনদ দাখিল করেন।
তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রাহিদকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে অভিযোগগুলো পুনরায় যাচাইয়ের জন্য একটি উচ্চতর তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “তদন্ত কমিটি অভিযোগগুলোর সত্যতা পেয়েছে। সে অনুযায়ী সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে। ২০১৮ সালের চাকরির বিধিমালা অনুসারে পরবর্তী কার্যক্রম চলবে।”
অভিযোগের বিষয়ে জানতে আবু ওবায়দা রাহিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
















