ঘুষে গাঁজা গায়েব, বরখাস্ত দুই পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু আড়াইহাজার ফেরিঘাট রোডের শ্রীরামপুর ইউনিয়নের কানার বাড়ির মোড়ে গত ৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার ভোরে একটি পিকআপ ভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হলেও কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ঘুষের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল মো. আবু কাউছারের বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত ঘটে ৭ জানুয়ারি, বুধবার, যখন নবীনগর সাংবাদিক ইউনিটের সভাপতি সঞ্জয় শীল ও সাধারণ সম্পাদক শেখ মিহাদ ফেসবুকে একটি পোস্টে পুরো ঘটনার বিবরণ প্রকাশ করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পুলিশ সুপারের কঠোর নির্দেশে তদন্ত শুরু হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, কুমিল্লার দেবিদ্বারের আনিস মিয়ার ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ঘুষের টাকা লেনদেন হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছারকে গত ৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার রাতে সাময়িক বরখাস্ত করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
















