তারেক রহমানের হস্তক্ষেপে কুমিল্লা বিএনপির বিদ্রোহ প্রশমিত
Oplus_131072
কুমিল্লায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিদ্রোহী পরিস্থিতি প্রশমনে সরাসরি হস্তক্ষেপ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার কৌশলী উদ্যোগে কুমিল্লার সবচেয়ে আলোচিত সদর আসনের বিদ্রোহ কার্যত নিমিষেই প্রশমিত হয়েছে। একইসঙ্গে দলটি ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করার বার্তা দিয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল পৌনে চারটায় ঢাকার গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সদর আসনের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সঙ্গে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে তাকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অধীন সাতটি সংসদীয় আসনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।
এই সিদ্ধান্তের ফলে কুমিল্লার রাজনীতিতে এক নতুন মোড় নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।
বৈঠকের ছবি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। চিঠিতে কুমিল্লা দক্ষিণ জেলার সকল আসনে হাজী ইয়াছিনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এই সিদ্ধান্তের ফলে কুমিল্লার রাজনৈতিক উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে। বিশেষ করে সদর আসনের বিদ্রোহ নিরসনের ফলে পার্শ্ববর্তী আসনগুলোতেও ইতিবাচক প্রভাব পড়েছে। যদিও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) ও নাঙ্গলকোট আসনে কিছুটা উত্তেজনা এখনো বিরাজমান।
উল্লেখ্য, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কৌশলী ভূমিকার ফলেই সদর আসনে বিএনপির মনোনয়ন পান মনিরুল হক চৌধুরী। মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উত্তাপ ছড়িয়ে পড়েছিল। তবে তারেক রহমানের হস্তক্ষেপে সেই উত্তাপ এখন অনেকটাই প্রশমিত।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে হাজী ইয়াছিনকে অভিনন্দন জানিয়ে বলেন, “তার বলিষ্ঠ নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন আসনগুলোতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে—এই প্রত্যাশা করি।”





















