Oplus_131072
দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, অডিও যুগের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট আসিফ আকবর আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার গান নয়, রাজনীতির মঞ্চে তার উচ্চারিত মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক ও আলোচনার ঝড়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সতেরো বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১২ কোটি ৭৮ লাখ ভোটার সরাসরি ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। দায়িত্বশীল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
তিনি লেখেন, সব রাজনৈতিক দল ও প্রার্থী চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রোপাগান্ডা, অভিযোগ, পাল্টা অভিযোগ ও গুজব ছাপিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
আসিফ আকবর আরও বলেন, নাগরিক দায়িত্ব পালনে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। পাহাড়ি মানুষ, সমতলবাসী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায় “ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর এখনই সময়।”
এদিকে নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আবহ। প্রচার-প্রচারণা শেষ, এখন অপেক্ষা কেবল রায়ের। নাগরিকদের প্রত্যাশা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে তারা প্রয়োগ করতে পারবেন তাদের ভোটাধিকার।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে এই উৎসবমুখর আমেজই প্রমাণ করে, গণতন্ত্রের এ উৎসবে অংশ নিতে প্রস্তুত দেশ।