মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনা ইমামকে ছুরিকাঘাত
Oplus_131072
নোয়াখালী বেগমগঞ্জের লাকুড়িয়াকান্দি এলাকায় ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম মাওলানা তানভীর আহসানকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শবে বরাত উপলক্ষে মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনা চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হামলায় জড়িত ২৩ বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইমাম তানভীর আহসান বলেন, “আমি আলোচনা শেষে মোনাজাত করে বের হওয়ার সময় ওই ব্যক্তি চাদরের নিচে লুকানো ছুরি দিয়ে আমার গলায় আঘাত করে। আল্লাহর রহমতে আমি বেঁচে যাই।” তিনি আরও জানান, স্থানীয় মুসল্লিরা হামলাকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, “ইমামকে ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”















