সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

বালু মহাল নিয়ে গো-লাগু-লির ঘটনার তিনদিন পর ৩১ জনের বিরুদ্ধে মামলা

সঞ্জয় শীল : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম
বালু মহাল নিয়ে গো-লাগু-লির ঘটনার তিনদিন পর ৩১ জনের বিরুদ্ধে মামলা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রামে বালু সন্ত্রাসীদের গুলিতে হামলার ঘটনায় তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের বাসিন্দা নাজির মিয়া (৬০) বাদী হয়ে নবীনগর থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩–৪ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের অধিকাংশই পাশবর্তী জেলা নরসিংদীর রায়পুরা থানার বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নাছিরাবাদ বালু মহালের ইজারাদারের সশস্ত্র লোকজন ইজারার শর্ত ভঙ্গ করে চরলাপাং এলাকায় ড্রেজার দিয়ে জোরপূর্বক মাটি কাটতে যায়। গ্রামবাসী বাধা দিলে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন এবং এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

ঘটনার দুই দিন পর মঙ্গলবার স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্য এম এ মান্নান নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান ও ওসি রফিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ চরলাপাং গ্রাম পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে আইনি প্রক্রিয়ায় যাওয়ার আশ্বাস দেন।

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ইতোমধ্যে ৩১ জনকে আসামি করে মামলা হয়েছে এবং দ্রুতই গ্রেফতার করা হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে।

কুমিল্লায় বুলেট বৈরাগীর মৃত্যু তদন্তে যৌথ টিমের অগ্রগতি তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:১৭ পিএম
কুমিল্লায় বুলেট বৈরাগীর মৃত্যু তদন্তে যৌথ টিমের অগ্রগতি তিনজন গ্রেফতার

Oplus_131072

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। র‍্যাব তিন ছিনতাইকারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। একই সঙ্গে পুলিশ, র‍্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই সমন্বিতভাবে ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে।

 

রোববার সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি হাড়াতলী এলাকায় ফুটপাতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হওয়া বুলেট বৈরাগীর মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। মাথার পেছনে গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন থাকায় এটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। র‍্যাব ১১ সিপিসির অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, ঘটনাটি শুরুতে ক্লুলেস মার্ডার হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বলেন, সাধারণ দুর্ঘটনায় এ ধরনের আঘাতের ধরন ও মরদেহের অবস্থান মিলছে না।

 

তদন্ত সংশ্লিষ্টরা জানান, নিহতের ব্যবহৃত মোবাইল ফোন শনিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সচল ছিল। রাত আড়াইটার আগ পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। মোবাইল ফোনের ট্র্যাকিং ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে এবং এতে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে।

 

এদিকে বুলেট বৈরাগী চট্টগ্রামের অলংকার মোড় থেকে কোন বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনুসন্ধানে গোল্ডেন পরিবহন ও সেন্টমার্টিন পরিবহনের নাম এলেও সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। তার নামার কথা ছিল পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায়, কিন্তু মরদেহ পাওয়া গেছে প্রায় ৪ কিলোমিটার দূরে কোটবাড়ি হাড়াতলীতে।

 

ময়নাতদন্ত সূত্রে জানা গেছে, মাথা, শরীরের পেছন এবং বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এসব আঘাত সড়ক দুর্ঘটনা না হত্যাকাণ্ডের ফল, তা নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য ভিসেরা সংগ্রহ করে চট্টগ্রাম সিআইডিতে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

নিহতের পরিবার দাবি করেছে, এটি একটি পরিকল্পিত হত্যা। তারা জানায়, বুলেট বৈরাগীর সঙ্গে থাকা দামি ক্যামেরা, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কাউকে আসামি করা হয়নি।

 

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ছবি প্রচারের মাধ্যমে পরিবারের সদস্যরা এসে তাকে শনাক্ত করেন। তদন্তে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কোটবাড়ি এলাকার একটি হোটেল ও পার্শ্ববর্তী স্থানের ক্যামেরা বিশ্লেষণে ঘটনাস্থলে একজন ব্যক্তির চলাফেরা দেখা গেলেও তাকে শনাক্ত করা যায়নি।

 

রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে সেটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয় এবং সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হয়। নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার বাসিন্দা। তিনি ৪১তম বিসিএস নন ক্যাডার হিসেবে ঢাকা কাস্টমস কার্যালয়ে যোগ দেন এবং সর্বশেষ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা শহরের রাজগঞ্জ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার তার একমাত্র সন্তানের প্রথম জন্মদিন। চার দিন আগে তাদের বিবাহবার্ষিকী ছিল। এমন সময় এই মৃত্যু পরিবারটিকে শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে।

 

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, তদন্তে অগ্রগতি হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। খুব শিগগিরই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যাচমেটদের ফুলেল শুভেচ্ছা তথ্যপ্রযুক্তি মহাপরিচালক রিপনকে

মোঃ শাহরিয়া : প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যাচমেটদের ফুলেল শুভেচ্ছা তথ্যপ্রযুক্তি মহাপরিচালক রিপনকে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি-৯৫ ব্যাচের পক্ষ থেকে সহপাঠী বন্ধু মোহাম্মদ সাইফুল হাসান রিপনকে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

 

রোববার (২৬ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে আইসিটি ভবনে মহাপরিচালকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাচমেট বন্ধু ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে নবনিযুক্ত মহাপরিচালককে অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রফেসর ইকবাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি ও ‘কুমিল্লা প্রতিদিন’-এর সম্পাদক জুয়েল রানা মজুমদার, বাংলাদেশ বিমানের কর্মকর্তা রাজু আহমেদ, ‘সময় এডিশন’-এর প্রকাশক ও দৈনিক জনতার মতামত-এর সম্পাদক মোঃ শাহাজাহান বাশার, ‘মুক্ত খবর’-এর মহানগর প্রতিনিধি শরীফুল ইসলাম এবং ‘কুমিল্লার আলো’-এর প্রতিনিধি মোশারফ হোসেনসহ আরও অনেকে।

 

অনুষ্ঠানে বক্তারা মোহাম্মদ সাইফুল হাসান রিপনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তথ্যপ্রযুক্তি খাতে তাঁর নেতৃত্ব দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বুড়িচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির বিষয়ে মতবিনিময় করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তির বিস্তার এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা সংশ্লিষ্ট খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

 

পরিশেষে নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ সাইফুল হাসান রিপন উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চৌদ্দগ্রামে স্টার লাইন বাস চাপায় পথচারী নিহত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৭:২০ পিএম
চৌদ্দগ্রামে স্টার লাইন বাস চাপায় পথচারী নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে স্টার লাইন পরিবহনের বেপরোয়া গতির একটি বাস চাপায় মো. ইয়াছিন প্রকাশ জুয়েল (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত জুয়েল ফেনীর ঐশ্বদিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায়। নিহত জুয়েল স্বপরিবারে কালিকাপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন এবং দিনমজুর হিসেবে এলাকায় কাজ করতেন। নিহতের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়েটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং একমাত্র ছেলে একটি হেফজ্ মাদরাসায় পড়ে। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহাব উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রবিবার বেলা ১১টার পরে জুয়েল মহাসড়কের পাশের একটি চা দোকানে চা-নাস্তা খেয়ে মহাসড়ক পারাপারের সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। এ সময় ঘাতক বাসটি পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

জুয়েলের ভাড়া বাসার মালিক আব্দুস সাত্তার জানান, নিহত জুয়েল এর এক মেয়ে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। অপর ছেলে স্থানীয় একটি হেফজ মাদরাসার শিক্ষার্থী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে স্টার লাইন পরিবহনের কয়েকটি যাত্রীবাহী বাস আটক করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

×
Skip to toolbar