কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার চালু হচ্ছে উইমেনস কর্নার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘উইমেন’স কর্নার’। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্রীদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
আগামী ১ মার্চ ২০২৬ থেকে কর্নারটি আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে। কলা ও মানবিক অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের নিচতলার দক্ষিণ-পূর্ব পাশের টয়লেট কম্পার্টমেন্টটি সংস্কার করে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
এই ‘উইমেন’স কর্নার’-এ থাকবে মেয়েদের নামাজের স্থান, মাতৃদুগ্ধ কর্নার, বিশ্রাম ও প্রসাধন ব্যবস্থা এবং স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা। ছাত্রীদের জন্য একটি সহায়ক ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থা শুধু অবকাঠামো নয়, এটি স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য ও মর্যাদার বিষয়। মেয়েদের মাসিককালীন প্রয়োজন, প্যাড পরিবর্তন ও প্রাইভেসির বিষয়গুলো আগে যথাযথভাবে ফ্যাসিলিটেড করা হয়নি। তাই বিদ্যমান জায়গাকেই রেনোভেট করে পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশ তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। প্রত্যাশা, ভবিষ্যতে প্রতিটি একাডেমিক ভবনে এমন একটি ‘ফিমেল কর্নার’ গড়ে উঠবে এবং ছেলে-মেয়ে সবার জন্য টয়লেটের পরিচ্ছন্নতায় আরও গুরুত্ব দেওয়া হবে।















