বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

জব্বারের বলী খেলায় এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহ্জালাল বলী

অনলাইন ডেস্ক : প্রকাশিত: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৮:৩০ পিএম
জব্বারের বলী খেলায় এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহ্জালাল বলী
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পেশী শক্তি আর নানা কলাকৌশলে প্রতিপক্ষকে কুপোকাত করার চেষ্টা থাকে কুস্তি প্রতিযোগিতায় অংশ নেওয়া বলীদের। যে বা যারা এই দুটো বিষয়কে আয়ত্ত করতে পারেন, তারা সক্ষম হন ফাইনাল রাউন্ডের রিংয়ে আসতে। মাথায় মাথা ঠেকিয়ে ঝুঁকে কুস্তি প্রতিদ্বন্দ্বীদের একে অন্যের নিশ্বাসের গতিবিধি দেখে কুপোকাত করার চেষ্টা তো আছেই। ঢাক-ঢোলের মহারণ বাদ্যে ঐতিহ্যবাহীর লালদীঘি ময়দানে এমন চিত্র ফের তিন বছর পর দেখতে পেল নগরবাসী।

বাহুবলে বলীয়ানরাও পেলেন লালদীঘির মাঠে ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলার আবেশ। এ জন্য উচ্ছ্বসিত সকলে। আর বাঁশির সুরের সঙ্গে জয়ঢাকের তালে কুস্তিগিররা নাচলেও কৌশল ও বাহুবলে শেষ হাসিটা হেসেছেন কুমিল্লার শাহ্জালাল, যিনি গতবারের রানার্সআপ।

আব্দুল জব্বারের বলী খেলার ১১৪তম আসরের চ্যাম্পিয়নের শিরোপা পেয়ে উচ্ছ্বসিত শাহ্জালাল বারবার মঞ্চে লাফিয়ে তার জয় উদ্যাপন করছিলেন। তিনি বলেন, প্রতিবার আসি।

গতবারের মধুর প্রতিশোধ নিলাম এবার। এর আগে ১১০তম আসরে কুমিল্লার শাহ্জালাল জয়ী হয়েছিলেন।

লালদীঘি মাঠে বলী খেলা ফিরেছে তিন বছর পর। করোনায় দুই বছর খেলা ও মেলা হয়নি।

এরপর গত বছর মাঠটির সংস্কার কাজের জন্য সেখানে বলী খেলা করা যায়নি। ইতিহাস সংস্কৃতির ধারক-বাহক চট্টগ্রাম বিপ্লবতীর্থ হিসেবে পরিচিত। দেশের সব আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থাকা চট্টগ্রাম বিভিন্ন কারণে ঐতিহাসিক। গর্ব ও অহংকার করার মতো সংস্কৃতি কৃষ্টি রয়েছে এখানে। যার ফলে ঈদের পর বৈশাখের তীব্র দাবদাহের মধ্যেও বলী খেলায় উপস্থিতি চোখে পড়ার মতো। লালদীঘির ময়দানে স্থাপিত বলী খেলার রিংয়ে যখন প্রতিদ্বন্দ্বী বলীরা একে অন্যকে কুপোকাত করছিলেন তখন চারদিকে জয়োল্লাসের ধ্বনি।

 

 

তপ্ত রোদে দাঁড়িয়ে কোনো ধরনের ভ্রুক্ষেপ ছাড়াই হাজার হাজার দর্শনার্থীর চোখ ছিল লালদীঘির মাঠের অস্থায়ীভাবে নির্মিত বালুর মঞ্চের দিকে। বরাবরের মতো প্রধান রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন সাবেক কাউন্সিলর আবদুল মালেক, যদিও এবার তিনি অবসরে যাচ্ছেন। প্রধান রেফারির দায়িত্ব পালন করলেও তার সঙ্গে ছিলেন সহকারী রেফারি বলী খেলার ৫ বারের চ্যাম্পিয়ন ছিদ্দিক আহমেদ বলীসহ আরও দুজন।

মঞ্চে প্রথম রাউন্ডের খেলা শুরু যখন হয় তখন ঘড়ির কাঁটায় বিকেল ৩টা ৫০ মিনিট। বাঁশি ও ঢোলের শব্দে লালদীঘি যেন একখ- স্টেডিয়াম। এবারের বলী খেলায় ১শ’ জন রেজিস্ট্রেশন করলেও বাছাই করা হয় ৬০ জনকে। আর গতবার অংশ নিয়েছিলেন মোট ৭২ জন।

মঙ্গলবার বিকেলে বলী খেলার প্রথম রাউন্ড শুরু হলেও ৪টা ১৭ মিনিটে দু’জন বলী লড়তে লড়তে রিংয়ের বাইরে মাঠে পড়ে যান। তারা প্রায় ১৭ মিনিট যাবত একে অন্যকে কুপোকাত করার চেষ্টা করে। প্রথম রাউন্ডে লড়তে আসা অধিকাংশই মহেশখালীর বাসিন্দা। কিন্তু দ্বিতীয় রাউন্ড পর্যন্ত তারা কেউ আসতে পারেনি। বিকেল ৪টা ৩৫ মিনিটে শেষ হয় প্রথম রাউন্ড। এরপর বিচারকরা প্রথম রাউন্ড থেকে ৫ জনকে নির্বাচিত করেন। তারা হলেন রুবেল, সেলিম, মুসা, আমির হোসেন এবং আব্দুন নূর।
অপরদিকে ২০২২ সালের চ্যাম্পিয়ন তরিকুল ইসলাম জীবন, রানার আপ শাহ্জালাল এবং তৃতীয় স্থান অধিকারী সৃজন চাকমাও দ্বিতীয় রাউন্ডে অংশ নেন। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয় ৪টা ৫৮ মিনিটে। সেখান থেকে সেমিফাইনালে ওঠেন ৪ জন। তারা হলেন আনোয়ারার আবদুর নূর, কুমিল্লার শাহ্জালাল, খাগড়াছড়ির সৃজন চাকমা ও চকরিয়ার জীবন বলী। সেমিফাইনালে অংশ নেওয়া প্রতিযোগীরা লটারির মাধ্যমেই তাদের প্রতিদ্বন্দ্বী নির্বাচন করেন। সেমিফাইনালে জীবন বলীর সঙ্গে লড়েন সৃজন চাকমা। আর শাহ্জালাল বলীর সঙ্গে লড়েন আব্দুর নূর। সেমিফাইনালে সৃজন ও জীবন বলীর কুস্তি চলে প্রায় ১২ মিনিট। দীর্ঘ সময় লড়াই করে সৃজনকে হারিয়ে প্রথমে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেন জীবন। অপরদিকে ২ মিনিটের মধ্যে আব্দুর নূরকে পরাস্ত করে শাহ্জালাল ফাইনাল নিশ্চিত করেন। এদিকে তৃতীয় স্থান নির্ধারণীতে আব্দুর নূরকে হারিয়ে যথারীতি সৃজন চাকমা দ্বিতীয়বারের মতো তৃতীয় স্থান অধিকার করেন।
যথারীতি চূড়ান্ত পর্বে শাহ্জালালের সঙ্গে জীবনের দেখা এ পর্যন্ত তিনবার। গতবার ছাড়াও এর আগে ১১০তম আসরে তারা দুজন লড়েন ফাইনালে। মঙ্গলবার ফাইনাল রাউন্ডে তারা লড়েন প্রায় ২ মিনিট। মিষ্টি প্রতিশোধে জীবনকে কুপোকাত করে চ্যাম্পিয়ন হন কুমিল্লার শাহ্জালাল। এর আগে ১০৯তম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন জীবন বলী। ১১০তম আসরে কুমিল্লার শাহ্জালাল জয়ী হলেও ১০৯তম আসরে কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা জীবনের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। তখন খেলায় অবৈধ কৌশল অবলম্বন করার অপরাধে রেফারি শাহ্জালালকে খেলার অযোগ্য করে জীবনকে জয়ী ঘোষণা করেছিলেন।

চট্টগ্রামের এই বলী খেলা বিখ্যাত ও ইতিহাসখ্যাত। বিশেষ করে বাংলাদেশে জব্বারের বলী খেলার নাম সব জেলার মানুষের কাছে বেশ পরিচিত। কেউ বলী খেলাকে পছন্দ করেন বলে পরিচিত আর দেশের বিভিন্ন প্রান্তে থাকা ক্ষুদ্র উদ্যোক্তারা চেনে তিন দিনব্যাপী মেলার বিকিকিনির ব্যাপকতার জন্য। তাই জব্বারের বলী খেলা ও মেলার বিষয়টি জানেন না এবং শোনেনি এমন লোক পাওয়া কঠিন বিষয়। একুশে পদক (মরণোত্তর) পাওয়া ইতিহাসবিদ আবদুল হক চৌধুরী ‘বন্দর শহর’ বইটিতে চট্টগ্রামের ২২ মল্ল পরিবার যে ইতিহাস প্রসিদ্ধ এবং ঐতিহাসিক তাতে এ বিষয়ে উল্লেখ রয়েছে। তাই বলী খেলায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে বলীরা আসেন। চট্টগ্রামসহ আশপাশের জেলা এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক বলী আসেন এই ঐতিহাসিক খেলায় অংশ নিতে।

সেই শত বছর আগে বাংলা পঞ্জিকার ১৯০৯ সানের ১২ বৈশাখ, যার সূচনা করেন চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী বদরপাতি এলাকার আবদুল জব্বার সওদাগর। ব্রিটিশবিরোধী আন্দেলনে দেশের তরুণ ও যুব সমাজকে সংগঠিত করতে মূলত লালদীঘির মাঠেই এই কুস্তি/বলী খেলার প্রবর্তন করেন তিনি। পরে তা জব্বারের বলী খেলা নামেই পরিচিতি পায়।
মঙ্গলবার বিকেল তিনটার পরে বলী খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তারা চ্যাম্পিয়ন শাহ্জালালের হাতে শিরোপাসহ নগদ ২৫ হাজার টাকা ও রানার্সআপ জীবনকে শিরোপাসহ ২০ হাজার টাকা তুলে দেন।

এদিকে এর আগে বলী খেলায় অংশ নিতে দুপুর ১২টা থেকে বিভিন্ন জেলার বলীরা মেলা কমিটির কার্যালয়ে তাদের নাম এন্ট্রি করেন। বিকেলে ঘোষণা মঞ্চ থেকে বলা হয় ৬০ জন অংশ নিয়েছেন। তবে প্রাথমিক রাউন্ডগুলোতে সকলের উচ্ছ্বাস দেখা গেলেও আগ্রহ ছিল ফাইনাল রাউন্ডের দিকে। দেশের সবচেয়ে বড় লোকজ উৎসব হিসেবে পরিচিত এই জব্বারের বলী খেলা ও মেলাটির বড় আকর্ষণ বলী খেলা। তাই দূর-দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়েও অনেকে এসেছেন।
এদিকে বলী খেলার মঞ্চে উপস্থিত হয়ে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী এই বলী খেলা শুধু একটি খেলা নয়, এটি ব্রিটিশবিরোধী আন্দোলনের যুব সমাজকে সংগঠিত করার উদ্যোগ। এটি আমাদের ঐতিহ্য। সকলের সহযোগিতায় এটি ধরে রাখতে হবে। গতবার খেলা হতো না, আমি উদ্যোগ নিয়েছি। এবারও আমি মেয়র হিসেবে চেষ্টা করছি বলী খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। এ মেলায় সঙ্গে আমাদের গ্রামীণ সংস্কৃতি ও এই খেলার সঙ্গে আমাদের ঐতিহ্য জড়িয়ে আছে।
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, শতবর্ষ ধরে চট্টগ্রাম যে ইতিহাস লালন করছে ধরে রেখেছে তা বাঙালি সংস্কৃতির প্রতিফলন। এটি অনুপ্রেরণা দেবে তরুণ সমাজকে। এমন সংস্কৃতি অটুট থাকুক। মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সদস্য সচিব শওকত আনোয়ার বাদল এবং নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বলী খেলা উদ্যাপন পরিষদ এ নিয়ে ৩ দিনের কর্মসূচি গ্রহণ করে। সোমবার থেকে শুরু হয় বৈশাখী মেলা। মঙ্গলবার অনুষ্ঠিত হলো বলী খেলা। আজ হবে চাটগাঁইয়া ঈদ উৎসব।

চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, অভিযুক্তদের দুই বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম
চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, অভিযুক্তদের দুই বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে আহত হওয়া যুবক বশির উদ্দিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধরা অভিযুক্ত আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়ী দু’টি জ্বালিয়ে দেয়। নিহত বশির চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দেরখিল গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। তথ্যটি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল বারেকের ছেলে আবু রশিদ ও একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদির এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় নাদির এর পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আবু রশিদ এর দুই ছেলে আসিফ ও পারভেজ দলবল নিয়ে এসে নাদির এর পক্ষের লোকজনের উপর পাল্টা হামলা করে। হামলায় বশির গুরুতর আহত হয়। এ সময় হামলকারীরা বশির এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বশির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বশির এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর রাতে বিক্ষুব্ধরা আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তাদের দুইটি বসতঘর পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২১ শে এপ্রিল রাতে বৈদ্দেরখিল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বশির উদ্দিন ও আবু রশিদ আহত হওয়ার ঘটনায় উভয় পরিবার থানায় দুইটি পৃথক মামলা দায়ের করে। মঙ্গলবার দিবাগত রাতে বশির এর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সংবাদ পেয়ে থানা পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায়। এই সময় বিক্ষুব্ধ জনতা আবু রশিদ এর দুইটি বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে গেলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।

নিহত বশির এর চাচাতো ভাই মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বশির পেশায় নির্মাণ শ্রমিক। ২১ শে এপ্রিল সংঘর্ষের সংবাদ শুনে তিনি উভয়পক্ষকে শান্ত করার জন্য ঘটনাস্থলে যান। কিন্তু আবু রশিদ এর পক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে কোপানো ও শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করার কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে বশির এর মাথায় জটিল অপারেশন করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে মঙ্গলবার দিবাগত রাতে বশির সেখানে মৃত্যুবরণ করেন। বশির ৩ সন্তানের জনক।

৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন বলেন, মাদকের ক্রয়-বিক্রয়ের ঘটনাকে কেন্দ্র করে ২১ এপ্রিল রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি অভিযোগ করে বলেন, ৭নং ওয়ার্ডটি ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়াতে বেশ কয়েকটি সিন্ডিকেট এই এলাকাটি ব্যবহার করে মাদক কেনাবেচা সহ সরবরাহ করে আসছে। নাদির ও আবু রশিদ এর পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। নিহত বশিরকে মাদক ব্যবসায়ীদের বলি হতে হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ২১ এপ্রিল বৈদ্দেরখিল এলাকায় ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ পরিবারই থানায় পৃথক ২টি মামলা করে। বিভিন্ন মাধ্যমে শুনেছি ওই ঘটনায় আহত হওয়ায় বশির নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা আবু রশিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরীর থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড়ের বিরোধের অবসান, ফিরছে শান্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৪ এএম
নগরীর থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড়ের বিরোধের অবসান, ফিরছে শান্তি

কুমিল্লা নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনা ও সংঘর্ষের অবসান ঘটেছে। টানা তিন দিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর সংশ্লিষ্টদের পারস্পরিক সমঝোতা এবং প্রশাসনের হস্তক্ষেপে বিরোধ মিমাংসা হয়েছে। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং শান্তির বার্তা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়, যা এলাকায় আতঙ্ক ও অস্থিরতা তৈরি করে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিষয়টি সমাধানে এগিয়ে আসেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিব।
রোববার (২৭ এপ্রিল) মানবিক সংগঠন ‘বিবেক’-এর কার্যালয়ে উভয় পক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের আন্তরিক উদ্যোগ, আলোচনা এবং দক্ষ মধ্যস্থতায় দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।
বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতিকে ঘোলাটে করে ফায়দা লুটতে চেয়েছিল। তবে সময়োপযোগী পদক্ষেপের কারণে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং বিরোধ বড় আকার ধারণ করতে পারেনি। এ ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
মিমাংসা বৈঠকে উভয় পক্ষকে ভবিষ্যতে আরও সহনশীল ও সংযত আচরণ করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সংঘর্ষে গুলিবিদ্ধ ইয়ানের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর বিষয়ে কঠোর সতর্কতাও প্রদান করা হয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এই সমঝোতার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান্দিনায় দুই দফা সংঘর্ষ: আহত ৪

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১৯ পিএম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান্দিনায় দুই দফা সংঘর্ষ: আহত ৪

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাদী মোঃ হালিমের পরিবারের চারজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে প্রথম দফার সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিবাদী মোঃ সুমন, তার পিতা ইউছুফ ও স্ত্রী জেসমিন বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ির উঠানে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা বাদীর ছেলে ও উপস্থিত স্বাক্ষীদের ওপর লাঠি ও স্টিলের পাইপ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। হামলার সময় ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

একই দিন বিকাল ৫টার দিকে চান্দিনা ডাকঘরের সামনে দ্বিতীয় দফায় আবারও হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাদীর স্ত্রী ও ছেলেকে অটোরিক্সা থেকে নামিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তারা রক্তাক্ত জখম হন। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। আহতদের মধ্যে বাদীর স্ত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বাদী মোঃ হালিম চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-২১)। তদন্ত কর্মকর্তা বিমল দাস জানান, একই ঘটনায় বিবাদীপক্ষও পাল্টা একটি মামলা করেছে (মামলা নং-২২)। উভয় মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাদী মোঃ হালিম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। তার দাবি, বিবাদীপক্ষ এক বছর আগের পুরনো ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে। তিনি বিষয়টি আদালতের মাধ্যমে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন।

এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

×
Skip to toolbar