শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ডাক্তারের বিরুদ্ধে তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৪:০০ এএম
কুমিল্লায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,  ডাক্তারের বিরুদ্ধে তদন্তের দাবি
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তার নিঝুমের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ নভেম্বর) দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়।
অপারেশনের সময় ডাক্তার নিঝুম প্রসূতির নাড়ি কেটে ফেলায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর স্বজনদের। নিহত ইসরাত জাহান এরিন কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়নের শিবপুর এলাকার মোবারক হোসাইনের মেয়ে। তবে মা এরিন মারা গেলেও নবজাতকটি সুস্থ আছে। নিহত ইসরাত জাহান এরিনের বছর খানেক আগে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী ইসমিত পাশা দিদারের সঙ্গে। এটি তার প্রথম সন্তান প্রসব ছিলো।
ইসরাত জাহানের মামা হাসনাত জানান, এইচ আর হাসপাতালে বৃহস্পতিবার রাতে ডা. নিঝুম আমার ভাগনির অপারেশন করেন। বৃহস্পতিবার অস্ত্রপাচার হলেও শুক্রবার দুপুরে এরিনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক এরিনের পালস খুঁজে না পেয়ে তাকে আইসিউতে নেওয়ার পরামর্শ দেন। পরে, এরিনকে পরিবারের লোকজন পার্শ্ববর্তী মুন হাসপাতালে নিয়ে গেলে সেখানে আল্ট্রাসনোগ্রাফি করানোর পর এরিনের পেটে রক্তক্ষরণ হয়েছে বলে মুন হাসপাতালের চিকিৎসক জানান। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন এরিন। এইচ আর হাসপাতালের চিকিৎসক নিঝুমের একটি নাড়ি কেটে ফেলায় তার ভাগনির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রসূতি এরিনের বাবা মোবারক হোসাইন বলেন, “তারা আমার মেয়ের নাড়ি কেটে ফেলেছে। আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে সময় পার করেছে। তাদের ভুল চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার বিচার দাবি করছি আমি।”
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হননি।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আমরা ঘটনা শুনামাত্রই সেখানে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, ঘটনা জানার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে সরেজমিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা প্রশাসনকে এই বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
শনিবার সকালে অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে ডা. নিঝুমকে একাধিকবার কল দিলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। যার দরুন তার মন্তব্য নেয়া যায়নি।
শনিবার (৯ নভেম্বর) সকালে এরিনের মৃত্যুর বিষয়ে জানতে সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, “আমরা তদন্ত টিম পাঠাচ্ছি। তদন্ত টিম এখন এইচ আর হাসপাতালে যাবে। এসকল মৃত্যু সত্যিই দুঃখজনক। আমাদের ব্যার্থতা হচ্ছে এসকল ক্ষেত্রে আমরা রোগীর আত্মীয়স্বজন থেকে কোন অভিযোগ পাইনা। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।”

কুমিল্লায় ইপিজেড গেট ও টমছম ব্রিজে ফুটওভার ব্রিজ জরুরি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম
কুমিল্লায় ইপিজেড গেট ও টমছম ব্রিজে ফুটওভার ব্রিজ জরুরি

ছুটির পর ঝুঁকি নিয়ে রাস্তা পার হন শ্রমিকরা, টমছম ব্রিজ চৌরাস্তায় পথচারীদের ভোগান্তি ও যানজট

কুমিল্লা নগরীতে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গেট এবং টমছম ব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি উঠেছে। প্রতিদিন অসংখ্য মানুষের চলাচল করা গুরুত্বপূর্ণ এ দুটি স্থানে নিরাপদে রাস্তা পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শ্রমিক, শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ও সাধারণ পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিশেষ করে কুমিল্লা ইপিজেড গেট এলাকায় কারখানার ছুটির পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক কর্মস্থল থেকে বের হয়ে রাস্তা পারাপার করেন। এ সময় ব্যস্ত সড়কে যানবাহনের চলাচল অব্যাহত থাকায় তাঁদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। অনেক সময় শ্রমিকদের রাস্তা পারাপারের কারণে যানবাহনের গতি কমে যায় এবং সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইপিজেড গেটের উপযুক্ত স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার পথচারীরা। তাঁদের মতে, পরিকল্পিতভাবে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে শ্রমিকদের নিরাপত্তা বাড়বে এবং যানবাহনের স্বাভাবিক চলাচলও সহজ হবে।

টমছম ব্রিজ চৌরাস্তায় পারাপারে ভোগান্তি, ফুটওভার ব্রিজের দাবি

কুমিল্লা নগরীর ব্যস্ততম সংযোগস্থলগুলোর একটি টমছম ব্রিজ চৌরাস্তা। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যে অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করেন। কোটবাড়ি, পদুয়ার বাজার বিশ্বরোড, কান্দিরপাড় ও নগরীর বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এখানে যানবাহনের চাপ থাকে।

বিশেষ করে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল শুরু এবং ছুটির সময়ে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় রাস্তা পার হতে গিয়ে সাধারণ পথচারীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে চলন্ত যানবাহনের মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা যায় মানুষকে। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি যানবাহনের স্বাভাবিক চলাচলও ব্যাহত হয়।

এ এলাকায় শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি, রোগী ও তাঁদের স্বজনদের নিয়মিত যাতায়াত রয়েছে। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যাতায়াতকারী মানুষের জন্য নিরাপদ পারাপারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, কুমিল্লা সিটি করপোরেশনের ১২ জানুয়ারি ২০২৬ সালের মাসিক সভার কার্যবিবরণীতে নগরীর যানজট নিরসন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে কান্দিরপাড় ও টমছম ব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের প্রচেষ্টার কথা উল্লেখ রয়েছে। বিষয়টি নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত।

তবে পরিকল্পনার বাস্তবায়ন, সম্ভাব্য স্থান নির্বাচন এবং নির্মাণের সময়সীমা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট তথ্য পাওয়া প্রয়োজন। স্থানীয়দের প্রত্যাশা, শুধু পরিকল্পনা বা আলোচনা নয়, বাস্তবসম্মত সমীক্ষার মাধ্যমে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শুধু অবকাঠামো নয়, প্রয়োজন পরিকল্পিত ব্যবস্থাপনা

জনস্বার্থ সংশ্লিষ্টদের মতে, ফুটওভার ব্রিজ নির্মাণের পাশাপাশি পথচারীদের সুবিধার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ব্রিজের অবস্থান এমন হতে হবে, যাতে মানুষ সহজে ও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। বিশেষ করে বয়স্ক, প্রতিবন্ধী ও শারীরিকভাবে চলাচলে অসুবিধা রয়েছে এমন মানুষের জন্য র‍্যাম্প বা বিকল্প নিরাপদ পারাপারের ব্যবস্থা রাখা প্রয়োজন।

এ ছাড়া সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থাপনা, নির্দিষ্ট পারাপার এলাকা, পর্যাপ্ত সড়কবাতি এবং যানবাহন নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগও জরুরি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

কুমিল্লা সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং কুমিল্লা মহানগর ট্রাফিক পুলিশের কাছে ইপিজেড গেট ও টমছম ব্রিজ এলাকার বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।

দুটি স্থানে পথচারীর সংখ্যা, যানবাহনের চাপ, সড়কের প্রস্থ ও সম্ভাব্য নির্মাণস্থল পর্যালোচনা করে দ্রুত সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি।

কারণ, একটি সড়ক শুধু যানবাহন চলাচলের জন্য নয়, মানুষের নিরাপদ যাতায়াতের জন্যও। উন্নত নগরব্যবস্থার অন্যতম শর্ত হলো পথচারীর নিরাপত্তা নিশ্চিত করা।

ইপিজেডের শ্রমিকদের নিরাপদ যাতায়াত এবং টমছম ব্রিজের পথচারীদের দুর্ভোগ নিরসনে ফুটওভার ব্রিজ নির্মাণ এখন কুমিল্লাবাসীর গুরুত্বপূর্ণ জনদাবি।

 

বৈধ ডিগ্রি নিয়েও ২০ বছর অনিশ্চয়তা, কুমিল্লা ইউনিকের গ্র্যাজুয়েটদের সনদ জটিলতায় হাইকোর্টের রুল

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম
বৈধ ডিগ্রি নিয়েও ২০ বছর অনিশ্চয়তা, কুমিল্লা ইউনিকের গ্র্যাজুয়েটদের সনদ জটিলতায় হাইকোর্টের রুল

দীর্ঘদিন ধরে সনদের বৈধতা যাচাই ও স্থায়ী সনদ না পাওয়ার জটিলতায় ভুগছেন দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা (ইউনিক) থেকে ১৯৯৫ থেকে ২০০৬ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা। এবার তাদের সনদসংক্রান্ত জটিলতা নিরসনে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছেন।

গত ২৩ নভেম্বর ২০২৬ বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। ‘দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা অ্যালামনাই ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ সোবহানের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি এ রুল জারি করেন।

রিট আবেদনে বলা হয়, ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের আওতায় ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কুমিল্লা ক্যাম্পাসে কার্যক্রম শুরু করে দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা। পরবর্তী সময়ে ২০০৬ সালের ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় এসআরও-২৭৫-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমোদন বাতিল করে।

তবে ওই বাতিল আদেশের বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশন নম্বর ১৬৭১/২০১৪-এর চূড়ান্ত রায়ে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্ট ২০০৬ সালের বন্ধের আদেশকে অবৈধ ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন। রিট আবেদনে বলা হয়েছে, এর ফলে ১৯৯৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির অনুমোদিত কার্যক্রমের বৈধতা সুরক্ষিত হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০১৩ ও ২০১৬ সালে পৃথক দাপ্তরিক চিঠিতে ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর থেকে ২০০৬ সালের ২১ অক্টোবর পর্যন্ত অনুমোদিত প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদ আইনসম্মত বলে স্বীকৃতি দিয়েছিল বলেও রিটে উল্লেখ করা হয়েছে।

কিন্তু বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর ওই সময়ের শিক্ষার্থীদের সনদ যাচাই এবং স্থায়ী সনদ প্রদানের জন্য কার্যকর কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো বা বিকল্প কর্তৃপক্ষ গড়ে ওঠেনি। ফলে চাকরি, পদোন্নতি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সনদ যাচাই করতে গিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন সাবেক শিক্ষার্থীরা।

রিটে আরও বলা হয়, ২০২৪ সালের ২৮ নভেম্বর এবং ২০২৬ সালের ৬ জানুয়ারি ইউজিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি ও পত্রে ১৯৯৫–২০০৬ সময়কালের বৈধ সনদধারীদের পৃথকভাবে চিহ্নিত করা হয়নি। এতে অনুমোদিত সময়ে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও সনদ যাচাইয়ের ক্ষেত্রে জটিলতা ও অনিশ্চয়তার মুখে পড়ছেন।

এ বিষয়ে গত কয়েক বছর ধরে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে একাধিক আবেদন, লিগ্যাল নোটিশ এবং ডিমান্ড অব জাস্টিস নোটিশ পাঠানো হলেও কার্যকর সমাধান না পাওয়ায় অ্যালামনাই ফাউন্ডেশনের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়।

রিট আবেদনে সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৬ ও ৪০ অনুচ্ছেদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর সংশ্লিষ্ট বিধানের আলোকে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিকার চাওয়া হয়েছে।

প্রথমত, ১৯৯৫–২০০৬ সময়ে অনুমোদিত প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদকে ঢালাও অকার্যকরতার বিজ্ঞপ্তির আওতামুক্ত রেখে স্পষ্টীকরণ বা সম্পূরক বিজ্ঞপ্তি জারির নির্দেশনা। দ্বিতীয়ত, সাবেক শিক্ষার্থীদের সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদানের জন্য বিকল্প প্রশাসনিক কাঠামো বা কর্তৃপক্ষ গঠন। তৃতীয়ত, এ বিষয়ে আবেদনকারীদের পূর্ববর্তী আবেদনগুলো নিষ্পত্তির নির্দেশনা।

গত ২৩ নভেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করে বিষয়টি আইনি পর্যালোচনার আওতায় আনেন। এখন সাবেক শিক্ষার্থীদের প্রত্যাশা, আদালতের রুলের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে এবং অনুমোদিত সময়ে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েটদের চাকরি, পদোন্নতি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে।

দৈনিক কুমিল্লার ডাক | সত্যের পথে, মানবতার পাশে

সাংবাদিকতার পরিচয়ে ভূমি অফিসে দাপট! মুরাদনগরের দারোরায় সেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগ

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী : প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ এএম
সাংবাদিকতার পরিচয়ে ভূমি অফিসে দাপট! মুরাদনগরের দারোরায় সেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়ন ভূমি অফিসে সরকারি সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ও বারান্দায় সাংবাদিক পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তির নিয়মিত অবস্থান, আড্ডা, অযাচিত প্রশ্ন ও ভিডিও ধারণের কারণে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।

স্থানীয়দের অভিযোগ, কাজিয়াতল গ্রামে অবস্থিত দারোরা ইউনিয়ন ভূমি অফিসে জমির শ্রেণি পরিবর্তন, নামজারি ও খারিজসহ প্রয়োজনীয় ভূমিসেবা নিতে গিয়ে অনেককে একাধিকবার অফিসে আসতে হচ্ছে। অথচ অফিসের ভেতরে ও বারান্দায় দীর্ঘ সময় অবস্থান করেন নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়া কিছু ব্যক্তি। এতে সাধারণ সেবাগ্রহীতারা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

ভুক্তভোগীদের ভাষ্য, কোনো নাগরিকের লিখিত অভিযোগ কিংবা ভূমি অফিসের অনিয়মের সুনির্দিষ্ট তথ্য থাকলে সাংবাদিকেরা অবশ্যই অনুসন্ধান করতে পারেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের বক্তব্য নিতে পারেন। তবে অভিযোগের নির্দিষ্ট ভিত্তি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা অফিসে অবস্থান করে সাধারণ মানুষের ব্যক্তিগত জমিজমা নিয়ে অযাচিত প্রশ্ন করা এবং ভিডিও ধারণ করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

কাজিয়াতল গ্রামের সেবাপ্রার্থী খোরশেদ আলম, হানিফ মুন্সী, কামাল হোসেন পিন্টু ও বাবুল মুন্সী জানান, দারোরা ইউনিয়ন ভূমি অফিসে অনেক সময় সেবাগ্রহীতাদের তুলনায় নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের উপস্থিতিই বেশি চোখে পড়ে। নিজেদের জমির শ্রেণি পরিবর্তন, মিউটেশন ও নামজারি-খারিজের কাজ সম্পন্ন করতে একাধিক দিন অফিসে গিয়েও তাঁরা কাঙ্ক্ষিত সেবা পাননি বলে অভিযোগ করেন।

খোরশেদ আলম বলেন, সাংবাদিক পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি প্রায়ই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কক্ষ ও বারান্দায় অবস্থান করেন এবং পায়চারি করেন। এতে অফিসের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজে গেলেও অনেক সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পান না। তাঁর অভিযোগ, বিভিন্ন অপ্রাসঙ্গিক প্রশ্ন ও ভিডিও ধারণের পর ৫০০ কিংবা ১ হাজার টাকা পাওয়ার পর তাঁরা চলে যান।

স্থানীয়দের অভিযোগ, ফেসবুক পেজ, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল কিংবা কথিত আইপি টিভির পরিচয় ব্যবহার করে কেউ কেউ সাংবাদিক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন। তাঁদের মতে, সাংবাদিকতার পেশাগত নীতিমালা, দায়িত্বশীলতা ও জবাবদিহি অনুসরণ না করে সরকারি দপ্তরে অবস্থান করে সাধারণ মানুষের কাজে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কামাল হোসেন পিন্টু বলেন, প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। কেউ সাংবাদিক পরিচয়ে সরকারি দপ্তরে গিয়ে সাধারণ মানুষের সেবাগ্রহণে বাধা সৃষ্টি করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে প্রকৃত সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। লিখিত অভিযোগ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রশাসন বিষয়টি তদন্ত করতে পারে।

সচেতন মহলের মতে, সরকারি ভূমি অফিস জনগণের সেবাকেন্দ্র, কারও ব্যক্তিগত আড্ডাখানা নয়। একইভাবে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কোনো দপ্তরে প্রভাব বিস্তার কিংবা সাধারণ মানুষকে বিব্রত করার সুযোগ নেই। অনিয়ম-দুর্নীতি অনুসন্ধান, জনগণের অভিযোগ তুলে ধরা এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করাই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। তবে সেই পরিচয়ের আড়ালে সেবাগ্রহীতাদের কাজে বিঘ্ন ঘটলে তা জনস্বার্থের পরিপন্থী।

এ বিষয়ে দারোরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খায়রুল আমান মজুমদার বলেন, প্রায়ই বিভিন্ন ব্যক্তি সাংবাদিক পরিচয়ে ভূমি অফিসে আসেন এবং মোবাইল ফোনে যোগাযোগ করেন। তাঁরা কী উদ্দেশ্যে আসেন কিংবা প্রকৃতপক্ষে সাংবাদিক কি না, তা যাচাই করার মতো সময় তাঁর নেই। তাছাড়া সাংবাদিকদের পরিচয় যাচাই করা তাঁর দাপ্তরিক দায়িত্বের মধ্যেও পড়ে না। ফলে কে প্রকৃত সাংবাদিক আর কে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন, তা নির্ধারণ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় দারোরা ইউনিয়ন ভূমি অফিসে সেবার পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যকর নজরদারি দাবি করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে অফিসে বহিরাগতদের অযথা অবস্থান নিয়ন্ত্রণ, সেবাগ্রহীতাদের নির্বিঘ্নে কর্মকর্তাদের কাছে যাওয়ার সুযোগ এবং সাংবাদিকদের দায়িত্বশীলভাবে তথ্য সংগ্রহের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এখন প্রশ্ন উঠেছে—সাংবাদিকতার পরিচয় কি সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে, নাকি সাংবাদিকতা হবে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার?

×