লন্ডন থেকে ঢাকার পথে তারেক রহমান
Oplus_131072
দীর্ঘ ১৫ বছরের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারা।
২০০৮ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময় কারামুক্ত হয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি লন্ডনে অবস্থান করছিলেন। মাঝে তার স্ত্রী একাধিকবার দেশে এলেও তারেক রহমানের দেশে ফেরা এতদিন সম্ভব হয়নি। এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি ফিরছেন দেশের মাটিতে।
তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় স্মরণকালের অন্যতম বৃহৎ গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় নেওয়া হবে তাকে, যেখানে অনুষ্ঠিত হবে এই বিশাল সংবর্ধনা অনুষ্ঠান।
বিএনপি নেতাদের আশা, এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো নেতাকর্মী ও সমর্থকের ঢল নামবে। তাদের মতে, অংশগ্রহণের দিক থেকে এটি অতীতের সব রাজনৈতিক সমাবেশকে ছাড়িয়ে যেতে পারে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশাও করছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই পূর্বাচল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করছেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পর মঞ্চ নির্মাণসহ অন্যান্য প্রস্তুতি প্রায় সম্পন্ন।
তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনার চেয়েও বেশি কিছু—এটি একটি আবেগঘন মুহূর্ত, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।



















