ঠাকুরগাঁওয়ে কনে বদলের নাটক! বাসর রাতেই বর জেলে
Oplus_131072
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর বিয়ের প্রতারণা। বাসর ঘরে ঢুকেই বর রায়হান কবিরের চোখ কপালে! তার অভিযোগ, ওয়াশরুম থেকে মুখ ধুয়ে বের হওয়ার পর কনে বদলে গেছে। এই অভিযোগের সূত্র ধরে বিয়ের রাতের আনন্দ রূপ নেয় মামলার জটিলতায়, আর বর পৌঁছে যান জেল হাজতে।
রায়হান কবির, পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার মৃত ইব্রাহীমের ছেলে। তার বিয়ে হয় ভান্ডারা গ্রামের জিয়ারুল হকের মেয়ের সঙ্গে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বাসর রাতে ঘটে নাটকীয় মোড়। রায়হান দাবি করেন, অতিরিক্ত মেকআপের কারণে বিয়ের সময় কনের আসল চেহারা বোঝা যায়নি। কিন্তু বাসর রাতে মুখ ধোয়ার পর তিনি বুঝতে পারেন, কনে বদল করা হয়েছে।
২০২৩ সালের ২৭ আগস্ট কনের বাবা জিয়ারুল হক রায়হান ও তার দুলাভাই মানিক হাসানকে আসামি করে মামলা করেন। পাল্টা হিসেবে ২ সেপ্টেম্বর রায়হানও মামলা করেন কনের বাবা ও ঘটকের বিরুদ্ধে। চলতি বছরের ১৯ জানুয়ারি আদালত রায়হানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়।
রায়হানের মামা বাদল জানান, ঘটক মোতালেবের মাধ্যমে পাত্রী দেখা হয়। মেয়েকে পছন্দ করার পর দ্রুত বিয়ের আয়োজন করা হয়। ১ আগস্ট রাতে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বাসর রাতে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। ২ আগস্ট কনেকে বাবার বাড়িতে পাঠিয়ে প্রতারণার কারণ জানতে চাওয়া হয়।
অন্যদিকে কনের বাবা জিয়ারুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, বরপক্ষ নিজেরাই মেয়েকে দেখে বিয়ে করেছে। যৌতুকের কোনো কথা হয়নি, বরং বিয়ের পর ১০ লাখ টাকা দাবি করা হয়। তিনি জমি বিক্রির প্রস্তাব দিলেও সময় না দেওয়ায় এখন মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
ঘটক মোতালেবও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মেয়েকে তার বাবার বাসাতেই দেখানো হয়েছিল। এরপরের বিষয়ে তিনি কিছু জানেন না।
ছেলেপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, কনে বদলের মাধ্যমে প্রতারণার অভিযোগে মামলা বিচারাধীন। আদালতের মাধ্যমে সত্য উদঘাটনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

















