শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদুয়ার বাজার পেরিয়ে ফেনীর পথে প্রধানমন্ত্রী, মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের ঢল

ফয়েজ আহমেদ ভূইয়া : প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:১০ পিএম
পদুয়ার বাজার পেরিয়ে ফেনীর পথে প্রধানমন্ত্রী, মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের ঢল

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফেনীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সড়কপথে যাত্রার সময় কুমিল্লার পদুয়ার বাজার অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকা থেকে ফেনীর উদ্দেশে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অনেককে ঢোল-বাদ্য বাজাতেও দেখা যায়।

সকাল থেকেই মহাসড়কের উত্তর পাশে বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে অবস্থান নেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রমের সময় তারা স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে অভিবাদন জানান।

 

দাউদকান্দি ও চান্দিনায় ব্যাপক প্রস্তুতি

 

দাউদকান্দি এলাকায় কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সংগঠনের সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। সেখানে কেন্দ্রীয় বিএনপির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

চান্দিনায় স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওনের নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন।

 

নিমসারে দুই কিলোমিটারজুড়ে অবস্থান

 

মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট নিমসার জুনাব আলী কলেজের পূর্বপ্রান্তে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

এ ছাড়া নিমসার জুনাব আলী কলেজ গেট থেকে পশ্চিম দিকে মিল গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় স্থানীয় বাসিন্দাদের অবস্থান দেখা যায়। স্থানীয় শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ারের পক্ষ থেকে বুড়িচং মোকাম ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হন।

এ সময় তারা নিমসার জুনাব আলী কলেজ জাতীয়করণের দাবিও তুলে ধরেন।

 

পদুয়ার বাজার-আলেখারচরে নেতাকর্মীদের উপস্থিতি

 

পদুয়ার বাজার ও আলেখারচর এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও কুমিল্লা মহানগর বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অবস্থান নেন। বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে তারা মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বেও নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বেও নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

 

সদর দক্ষিণ থেকে চৌদ্দগ্রামেও অবস্থান

 

মহাসড়কের সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম অংশেও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট এলাকার নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর গাড়িবহরকে অভিবাদন জানানোর জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের ফেনী সফরে পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বে তাণ্ডব, ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে খুঁটিতে বেঁধে দিনভর নির্যাতন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম
চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বে তাণ্ডব, ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে খুঁটিতে বেঁধে দিনভর নির্যাতন

কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ ব্যবসায়ীকে মারধর, ৬ লাখ টাকার ওয়াইফাই সরঞ্জাম লুটপাট, দফায় দফায় বাড়িঘরে হামলা-ভাংচুর, পরিবারের নারী সদস্যদের মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা সহ বৃদ্ধ বাবাকে টেনে-হিচড়ে ঘর থেকে নিয়ে গিয়ে বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় দিনভর নির্যাতনের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের পশ্চিম পাড়ায়। সন্তানকে না পেয়ে পিতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমগ্র চৌদ্দগ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যা আইয়্যামে জাহিলিয়ার বর্বরতাকেও হার মানায়। এদিকে ঘটনার দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বারবার সহায়তা চেয়েও ভুক্তভোগীর পরিবার পুলিশি কোনো সহযোগিতা না পেয়ে হতাশা ব্যক্ত করেন সাংবাদিকদের কাছে। পরে ভুক্তভোগী দ্বীন মোহাম্মদ এর স্ত্রী রফিজা বেগম বাধ্য হয়ে কুমিল্লার আদালতে গত সোমবার একটি মামলা (৯৮৩/২৬) দায়ের করেন।

আদালতে দায়েরকৃত মামলা ও ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের আলী মিয়ার ছেলে স্থানীয় ওয়াইফাই ব্যবসায়ী ও মামলার প্রধান অভিযুক্ত মো. আমির হোসেন (৪৫) এর সাথে মামলার বাদীনি রফিজা বেগমের ছেলে একই এলাকার অপর ওয়াইফাই ব্যবসায়ী আব্দুল কাইয়ুম শাহপরানের সাথে দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ীক দ্বন্দ্ব চলে আসছিলো। বিষয়টি নিয়ে থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে সামাজিকভাবে মীমাংশার উদ্দেশ্যে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উভয় ব্যবসায়ী বিধিমোতাবেক ব্যবসা পরিচালনা ও ভবিষ্যতে কেউ কাউকে ব্যবসায়ীক হয়রানি না করার অঙ্গীকার করেন। এর কিছুদিন পর তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত আমির হোসেন তার ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বী শাহপরানকে ঘায়েল করার হীন উদ্দেশ্যে স্থানীয় প্রভাবশালী মহলকে ইন্ধন জুগিয়ে গত ০৭ নভেম্বর দুপুরে নিজ বাড়ির সামনে তাকে একা পেয়ে কতিপয় বখাটে যুবকের সহযোগিতায় আটক করে ব্যাপক মারধর করে। একপর্যায়ে সে পালিয়ে গিয়ে পাশ্ববর্তী তার এক নিকটাত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়েও তাকে মারধর করে। সে কোনোমতে হামলাকারীদের কবল থেকে মুক্ত হয়ে কৌশলে পালিয়ে যায়। এরপর শুরু হয় তাদের নারকীয় বর্বরতা। ছেলেকে না পেয়ে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে শাহপরানের বৃদ্ধ মা-বাবা, পরিবারের নারী সদস্যদের উপর হামলে পড়ে। এ সময় তারা শাহপরানের বাড়িঘর ভাংচুর করা সহ পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানীর চেষ্টা করে। হামলাকারীদের ছেনির কোপে বাদীনি রফিজা বেগমের বাম উরুতে কাটা-ছেড়া রক্তাক্ত জখম হলেও এ সময় হামলাকারীদের ভয়ে আশেপাশের কেউ তাদের প্রাণ বাঁচাতে আসেনি। এছাড়াও হামলাকারীরা ব্যবসায়ী শাহপরানের ঘরে থাকা ৬ লাখ টাকা মূল্যের ওয়াফাই সরঞ্জাম সহ দামী মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলা ও লুটপাটের কাজে বাধা দিলে তারা ব্যবসায়ী শাহপরানের বৃদ্ধ পিতা দ্বীন মোহাম্মদকে টেনে-হিচড়ে বাড়ি থেকে নিয়ে যায় এবং বাড়ির পাশের রাস্তার বৈদ্যুতিক খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় লাঠি, রড দ্বারা পিটাইয়া এবং কিল-ঘুসি, লাথি-উষ্ঠা মারিয়া চরম নির্যাতন করে। মারধরের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা, কাটা-ছেড়া সহ রক্তাক্ত জখম হয়। হামলাকারীদের হাত থেকে ভাইকে বাঁচাতে ভিকটিমের বড় ভাই নুর ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ আসলে হামলাকারীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পুলিশকে ভুল বুঝিয়ে সামাজিকভাবে ঘটনার মীমাংশার আশ্বাস দিয়ে ফেরৎ পাঠিয়ে দেয়। পুলিশ চলে যাওয়ার পর হামলাকারীরা দ্বীন মোহাম্মদ এর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা বাদীনিকে জিম্মি করে তার কাছ থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা আদায় করে নিয়ে যায় এবং ঘটনার দিন রাত অনুমান ১১টায় তার স্বামী দ্বীন মোহাম্মদকে ছেড়ে দেয়। পরে নিকটতম আত্মীয়দের সহযোগিতায় বাদীনি এবং তার স্বামী চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং সেখানে তারা চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনায় সামাজিকভাবে একাধিকবার আপোষ মীমাংশার চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে ন্যায় বিচারের আশায় আদালতে ভুক্তভোগীরা মামলা দায়ের করতে বাধ্য হন।

মামলার বাদীনি রফিজা বেগম বলেন, আমির হোসেনের নেতৃত্বে তার অপরাপর সহযোগিরা আমার বাড়িঘরে হামলা-ভাংচুর চালিয়েছে। তারা আমার বাম উরুতে ছেনি দিয়ে কোপ মারে। আমার স্বামীকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এ সময় তারা আমার মেয়ে ও পুত্রবধূকে শ্লীলতাহানীর চেষ্টা করে। আমি এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে প্রধান অভিযুক্ত আমির হোসেন এর বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে (০১৮১২-৮৪২৯২৮) একাধিকবার কল দিলেও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

তিনি আরও বলেন, শুনেছি ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আদালতের নির্দেশনা পেলে ভুক্তভোগির পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

কুমিল্লায় চাঁদা না দেওয়ার অভিযোগের জেরে ব্যাংক কর্মকর্তাকে হত্যা, ৫ দিন পর পুকুরে মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:১১ পিএম
কুমিল্লায় চাঁদা না দেওয়ার অভিযোগের জেরে ব্যাংক কর্মকর্তাকে হত্যা, ৫ দিন পর পুকুরে মিলল মরদেহ

Oplus_131072

কুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রেদোয়ান হোসেন রিফাত বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ রয়েছে, পাঁচ দিন আগে আবরাদ হাসান সজিব নামের এক কিশোর ওই ব্যাংকে গিয়ে তাঁর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রিফাতকে মারধর করা হয় এবং তাঁর ব্যবহৃত মুঠোফোন ভাঙচুর করা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

ছেলের কোনো সন্ধান না পেয়ে তাঁর বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার সকালে শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, সজিব এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় মানুষকে মারধর করত। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

নিহতের বাবা দেলোয়ার হোসেন অভিযোগ করেন, তাঁর ছেলেকে সজিব হত্যা করেছে। তিনি বলেন, চাঁদা না দেওয়ায় ঘটনার কয়েক দিন আগে তাঁর ছেলেকে মারধর করা হয়েছিল। এরপর থেকে তিনি ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। পাঁচ দিন নিখোঁজ থাকার পর ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনি ভেঙে পড়েছেন।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সজিব নামে একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া অন্য কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে তিনি ওসির সঙ্গে কথা বলছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহের ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

কোটবাড়িতে কুবির শিক্ষার্থীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ এএম
কোটবাড়িতে কুবির শিক্ষার্থীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

কুমিল্লার কোটবাড়িতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছিল। পথে কোটবাড়ি এলাকায় দুই ব্যক্তি একটি টায়ারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে বাসটির দিকে নিক্ষেপ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বাসচালক মো. শফিক পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার পর আতঙ্কিত শিক্ষার্থীরা বাস থেকে নেমে আসেন। দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও বাসটি অক্ষত রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে তিনি জানান।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

×