মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

৪ নভেম্বর থেকে তিন দিন দেশে গ্যাস সরবরাহ কমবে, স্বল্পচাপের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ পিএম
৪ নভেম্বর থেকে তিন দিন দেশে গ্যাস সরবরাহ কমবে, স্বল্পচাপের আশঙ্কা

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট ঘাটতি তৈরি হতে পারে। সাময়িক এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করার আশঙ্কা রয়েছে।

দেশে গ্যাস সরবরাহ সাময়িকভাবে কমতে যাচ্ছে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টা থেকে ৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ প্রায় ১ হাজার ৯২০ মিলিয়ন ঘনফুট। সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণকালীন এ সরবরাহ কমে প্রায় ১ হাজার ৩২০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ প্রতিদিন প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমবে।

সরবরাহে এ ঘাটতির কারণে ওই সময় দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। বিশেষ করে বাসাবাড়ি, শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ গ্যাসনির্ভর বিভিন্ন খাতে সাময়িক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এলএনজি টার্মিনালের নিয়মিত ও জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম পুনরায় চালুর মাধ্যমে স্বাভাবিক সরবরাহ পরিস্থিতি ফিরিয়ে আনার কথা রয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

সাংবাদিক নির্যাতন বাড়ছে, বিচারহীনতায় ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা : কুমিল্লায় ৮ সাংবাদিককে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম
সাংবাদিক নির্যাতন বাড়ছে, বিচারহীনতায় ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা : কুমিল্লায় ৮ সাংবাদিককে সম্মাননা

 

সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা বাড়লেও এসব অপরাধের যথাযথ বিচার হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতির কারণেই সাংবাদিক নির্যাতনের প্রবণতা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সমাজে অপরাধ ও অনিয়ম আরও বাড়বে বলে মনে করছেন সাংবাদিক নেতারা।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপস।

বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বরং ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানির ঘটনা বেড়েছে বলে তাঁরা উল্লেখ করেন। সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ বন্ধ করা কঠিন হবে।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সিনিয়র সহসভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাবেক সহসভাপতি ও এই সময় পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক মীর সাহালম।

এ ছাড়া বক্তব্য দেন দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার রায়হান, দৈনিক আজকের আওয়াজের জেলা প্রতিনিধি মো. শহীদুল্লাহ মিয়াজী, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, দৈনিক শিরোনামের প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক মো. শহীদুল্লাহ, কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহ আলম শফি, পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল, দৈনিক আজকের দর্পনের জেলা প্রতিনিধি রবিউল বাশার খান, সময় টিভির জেলা রিপোর্টার জহিরুল হক বাবু, সাপ্তাহিক গোমতীর সম্পাদক মোবারক হোসেন এবং দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সংহতি জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুমিল্লায় কর্মরত সন্ত্রাসী হামলার শিকার আট সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার রায়হান, স্টার নিউজের প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ, যুগান্তরের সাবেক চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, একুশে বাংলা পত্রিকার সম্পাদক মো. সাখাওয়াত হাফিজ, বিজয় টিভির প্রতিনিধি ম্যাক রানা, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক এবং মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আরিফ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সহসভাপতি, লেখক ও কলামিস্ট ডা. আবদুল আউয়াল। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সদস্যরা।

আলোচনা সভায় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিক নেতারা।

হোমনায় গাউছিয়া কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি ঘোষণা

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১৪ পিএম
হোমনায় গাউছিয়া কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি ঘোষণা

কুমিল্লার হোমনায় গাউছিয়া কমিটি বাংলাদেশ হোমনা উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বড়কান্দা এলাকার তাহেরিয়া সাবেরিয়া খানকাহ শরীফে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে মোঃ মকবুল হোসেন মাস্টারকে সভাপতি, মোঃ আবুল খায়েরকে সাধারণ সম্পাদক, মোঃ খলিলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং মোঃ আলমগীর হোসাইনকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ হোমনা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুহাম্মদ মকবুল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান টিপু ও কাদেরিয়া তৈয়্যবিয়া হাফিজিয়া এতিমখানা কমপ্লেক্সের মুহতামিম মুফতি মো. নেছার উদ্দিন তাহেরী।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউছিয়া কমিটি বাংলাদেশের ঢাকা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় আলেম-ওলামা ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ও আকিদা প্রচার, কাদেরিয়া তরিকার প্রসার এবং আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি মানবকল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে মোনাজাত পরিচালনা করেন পীর মুফতি মাওলানা মো. আব্দুস সাত্তার ভূঁইয়া, অধ্যক্ষ, হোমনা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা।
আয়োজনে: গাউছিয়া কমিটি বাংলাদেশ, হোমনা উপজেলা শাখা, কুমিল্লা।

কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:৩৬ পিএম
কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাম ও ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাসুম হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস. এম. তৌহিদুর রহমান সুমন, সভাপতি, কুমিল্লা মহানগর ড্যাব (স্থগিত) এবং সহযোগী অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান, সাধারণ সম্পাদক, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব (স্থগিত)।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকিরুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. শাহ মু. সেলিম, অধ্যাপক ডা. মো. আজিজুল হক, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. খোরশেদ আলম, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান সোহাগ, সহযোগী অধ্যাপক ও কুমিল্লা মহানগর বিএনপির প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক দেবাশীষ চক্রবর্তী।

আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. মো. মাইন উদ্দিন হোসেন পিংকু, সহকারী অধ্যাপক ডা. মো. মইনুল ইসলাম ওয়াসিক, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. পিযুষ কর্মকার, সহকারী অধ্যাপক ডা. আসরাফুল আলম সিদ্দিক, সহকারী অধ্যাপক ডা. মো. শওকত হোসেন ভূঁইয়া এবং সহকারী অধ্যাপক ডা. ইফরানুল আলম মিশু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মো. সফিকুর ইসলাম, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ডা. মো. রবিউল হোসেন পাটোয়ারী রবি, ডা. জাহিদুর হাসান রনি, ডা. ফয়সাল আহমেদ, ডা. মো. আবু মুসা, ডা. কামরুল হাসান রায়হান, ডা. মো. মুনীফুল ইসলাম ইনান এবং ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. সৈয়দ মো. হাফিজুর রহমান তুহিনসহ কলেজের শিক্ষক, চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচিতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি হাম ও ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় এবং স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা এবং উপস্থিত থেকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর জন্য অতিথিবৃন্দ, শিক্ষক, চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার প্রতি ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. সৈয়দ মো. হাফিজুর রহমান তুহিন।

এ ছাড়া অনুষ্ঠান আয়োজন ও বাস্তবায়নে ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ডা. মো. নাজমুল হাসান বিশেষ আর্থিক সহযোগিতা প্রদান করেন। তাঁর এ সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. মো. মেহেদী হাসানের নবজাতক সন্তানের সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। বর্তমানে শিশুটি ভারতের চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন আয়োজকরা।

×