কুমিল্লায় মাটি সিন্ডিকেটের হামলায় আহত দুই কৃষক
Oplus_131072
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগে পরিবেশ আইন অমান্য করে রাতের আঁধারে কৃষিজমির মাটি চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাহাদুর নামের এক প্রভাবশালী মাটি সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হামলার শিকার হচ্ছেন জমির মালিকরা।
সম্প্রতি পূর্ব জোড়কানন ইউনিয়নের গোত্রশাল দিঘিরপাড় এলাকার জমির মালিক জামাল উদ্দিন রাতজেগে পাহারা দিয়ে তিনটি ড্রামট্রাক মাটি চুরির সময় হাতেনাতে আটক করেন এবং সেগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাহাদুরের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠিসোটা, রড ও এসএস পাইপ দিয়ে জামাল উদ্দিনকে নির্মমভাবে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। তার সঙ্গে থাকা আরও এক কৃষককেও মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে আহত জামাল উদ্দিনকে গুমের উদ্দেশ্যে পার্শ্ববর্তী ভাটপাড়ায় একটি নির্জন ঘরে আটকে রাখা হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, লাখ লাখ টাকার মাটি চুরি করে নিয়ে গেছে বাহাদুর সিন্ডিকেট। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, জব্দকৃত ড্রামট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাটি চুরির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


















