কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার মানের অবনতি : রাজনৈতিক শিক্ষকদের ষড়যন্ত্রের অভিযোগ
কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার মানের অবনতি নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, কতিপয় রাজনৈতিক শিক্ষক তাদের স্বেচ্ছাচারিতা ও অনিয়ম প্রতিষ্ঠা করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছেন।
গত ৫ আগস্টের পর থেকে ছাত্র আন্দোলনের নামে নাটক সাজিয়ে শিক্ষার্থীদের উস্কে দেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আখি আলম রকি ও তার সহযোগী তিন শিক্ষক। তাদের প্রলোভনে পড়ে শিক্ষার্থীরা অধ্যক্ষ নার্গিস আক্তারকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে।
অধ্যক্ষ নার্গিস আক্তার ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি বার্ষিক পরীক্ষা, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে সুনাম কুড়িয়েছে। কিন্তু কিছু শিক্ষক নিজেদের স্বার্থে ষড়যন্ত্র করে তাকে পদত্যাগে বাধ্য করেন।
বর্তমানে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা মুস্তফা। তবে দিন যতই যাচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের একাধিক শিক্ষক সময়মতো প্রতিষ্ঠানে আসেন না এবং শিক্ষার্থীদের টিউশন ও কোচিংয়ে যেতে বাধ্য করেন। এছাড়াও কয়েকজন শিক্ষক অধ্যক্ষ হওয়ার চেষ্টা করেন এবং সে জন্য তারা ষড়যন্ত্র করেন।
শিক্ষার্থীদের দিয়ে পুরো আন্দোলনে প্রতিষ্ঠানটির শিক্ষক সামিউল আলম, বশির আহমেদ, উত্তম কুমার তাদের ফেক ফেসবুক আইডি ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের সামনে স্টুডেন্ট সেজে পরিচালনা করেন। এছাড়া শিক্ষক আঁখি আলম রকি ও তারেক রুবেল ছাত্র পেটাতে গুন্ডা ভাড়া করে বিদ্যালয়ে নিয়ে আসেন।
অভিভাবকরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, রাজনৈতিক সন্ত্রাস মুক্ত শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক এবং অভিযুক্ত ৪ শিক্ষককে শাস্তির আওতায় আনা হোক।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাহ্মিদা মুস্তফাকে মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার জানান, তিনি দায়িত্ব গ্রহণের আগে নার্গিস আক্তার অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জেনেছেন। পরে অধ্যক্ষ নার্গিস আক্তার আদালতে রিট করেছেন। আদালতের রিটের কপি পেলে বিস্তারিত জানানো হবে।














