তিতাসে চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল জনতা
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে শহিদুল্লাহর ছেলে মোহাম্মদ নূর আলমকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল এগারোটায় শাহপুর শান্তির বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। তারা নূর আলমের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
আহত নূর আলমের স্ত্রী বিউটি বেগম তিতাস থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, স্থানীয় নাজমুল হাসান ও বাবু মিয়া তার স্বামী নূর আলমের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। নূর আলম অস্বীকৃতি জানালে গত ২৪ জানুয়ারি বড়ঘাট এলাকায় তাকে রড, হকিস্টিক ও পাইপ দিয়ে নির্মমভাবে মারধর করে হাত পা ভেঙে দেয়। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। হামলায় বিউটি বেগম নিজেও আহত হয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শাহপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ছাড়া এলাকায় শান্তি ফিরবে না। বক্তব্য দেন মোহাম্মদ নিজাম উদ্দিন মেম্বার, মোহাম্মদ শাহ আলম সরকার, ডাক্তার শামসুল হুদা, কবির হোসেন স্বপন, শাহীন আলম মাষ্টার, সেকান্দর আলী, আহত নূর আলমের পিতা শহিদুল্লাহ ও খালা নূর জাহান বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আরও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, সাগর ভূইয়া, আহতের ছোট ভাই দেলোয়ার হোসেন, নীলকান্ত, আলফাট সরকার, আলমাস ভূইয়া, শারমিন, কানু ভূইয়া, শাহ আলম মিয়া, নাসির উদ্দিন, আক্তার হোসেন, জাহাঙ্গীর ভূইয়া, কালু ভূইয়া, হক সাব ভূইয়া ও মহসিন ভূইয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি শনিবার দুপুরে বড়ঘাট এলাকায় নূর আলমকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।






















