মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্তকরণে রফিক উল্লাহ আফসারীর উদ্যোগ
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে আজ ৩২ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী। এই অনুষ্ঠানে সাংবাদিক নেতা মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী এবং ব্যবসায়ী মো: ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। রফিক উল্লাহ আফসারী বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং উৎপাদন বৃদ্ধির জন্য এই ধরনের উদ্যোগ জরুরি। তিনি বিত্তবানদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
রাজধানী ঢাকার অদূরে মুন্সিগঞ্জ অংশে মেঘনা ব্রীজ সংলগ্ন নদীতে আজ শনিবার সকালে মাছের পোনা অবমুক্ত করা হয়। রফিক উল্লাহ আফসারী জানান, দেশের খালবিলে এখন আর আগের মতো দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়না। ডিমওয়ালা মাছ শিকার, পোনা মাছ ধরে ধরে নিধন ও কৃষি জমিতে বিষ প্রয়োগের ফলে দেশীয় মাছ উৎপাদন কমে গেছে। তিনি বলেন, নদীতেও আগের মতো মাছ নেই। তবে সবাই যদি কম/বেশি নদী, পুকুর, ডোবা, খাল ও বিলে পোনা মাছ অবমুক্ত করেন তাহলে আবার ফিরে আসবে সেই মাছে ভাতে বাঙ্গালি। তিনি দেশের বিত্তবানদের একাজে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরো বলেন, আমি বাংলাদেশের সকল শহীদ ও মৃত নেককার নেতৃবৃন্দের মাগফেরাত কামনায় ও জীবিত সকল নেককার নেতৃবৃন্দের নেক হায়াত কামনায় মৎস্য পোনা অবমুক্ত করছি। বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব সাংবাদিক নেতা মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী বলেন, ভালো কাজ করলেই মানুষ ভালো বলবে তা নয়। এক শ্রেণীর মানুষ তিরস্কার ও অপপ্রচার করবেই। তাই বলে ভালো কাজ করতে গিয়ে থেমে গেলে চলবে না। এগিয়ে নিতে হবে এসব ভালো কাজগুলোকে।

















