শিশুদের সাম্প্রদায়িক শিক্ষা দেওয়া হচ্ছে : আমিনুল ইসলাম টুটুল
কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বলেছেন আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। এসব শিশুরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করবে। কিন্তু দুঃখের বিষয় হলো এসব ছোট ছোট শিশুদের মাথায় সাম্প্রদায়িকতার বীজ ছিটিয়ে দেওয়া হচ্ছে। কোমলমতি এসব শিশুদের মাথায় অন্য ধর্ম সম্পর্কে নেতিবাচক তথ্য দিয়ে তাদের সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটা খুব রিস্কি, এটা খুব ভয়াবহ হবে ভবিষ্যতে। এসব শিশুদের অসাম্প্রদায়িক শিশু হিসেবে গড়ে তুলতে সকল শিক্ষকদের পাশাপাশি সকল অভিভাবকদের ভূমিকা পালন করতে হবে।
সোমবার(১৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার ধর্মপুর রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল ইসলাম টুটুল বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের একটি মসজিদে বোমা হামলা করে ২০০ জন মুসলমানকে হত্যা করা হয়েছে কিছুদিন আগে। যারা বোমার মেরেছে, তারা সবাই মুসলমান ছিল, যারা মারা গেছে তারাও মুসলমান ছিল। এটার কারণ হলো সে দেশের শিক্ষাব্যবস্থা। সে দেশের শিশুদের সাম্প্রদায়িকতা শিক্ষা দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে এসব বোমা হামলা হচ্ছে। আমাদের সে বিষয়ে সতর্ক থেকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে
আদর্শ সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার লিপিকা রাণী পোদ্দারের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনেয়ারা বেগম বকুল, দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম রোবেল, ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. কামরুল হাসানসহ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক এবং অভিভাবকরা।
















