স্বাধীনতা অর্থ অন্যের অধিকার লুন্ঠিত করা নয় : কুবি উপাচার্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, স্বাধীনতা, স্বাধিকার মানে অন্যের অধিকার লুন্ঠিত করা নয়। নিজের দায়িত্ব পালন না করে অন্যকে জিম্মি করে কোন কিছু আদায় করা কারো অধিকার হতে পারে না। কেউ যেন স্বাধীনতার নামে অপকর্ম না করতে পারে এবং তা স্বাধীনতার ট্যাগ দিয়ে হাসিল করতে না পারে তার প্রতি আমাদের নজর রাখতে হবে। যদি আমরা নিজেদের অধিকার, দায়িত্ব এবং অন্যের অধিকার, দায়িত্বের প্রতি সচেতন থাকি তাহলে শহিদদের প্রতি সম্মান জানানো হবে।
মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন উপাচার্য।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করলেও একটি গোষ্ঠী সেই ইতিহাস বিকৃতির চেষ্টা করেছিল, এবং তারা এর মাধ্যমে একটি মিথ্যার সংস্কৃতি তৈরি করেছিল। এই মিথ্যাচার সংস্কৃতি আজও আমাদের মধ্যে আছে। স্বাধীনতার পর কোন কোন আল বদর, আল শামসরা মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করেছে, জয় বাংলা স্লোগান দিয়েছে। অথচ তারা পরবর্তীতে অগ্নিসন্ত্রাস, রেল নাশকতা করেছে, সংখ্যালঘুসহ অনেক নারীদের উপর নির্যাতন করেছে। স্বাধীনতা, বাংলাদেশ, জয় বাংলা, বঙ্গবন্ধু এসব মুখে বললেই যে স্বাধীনতার পক্ষের সৈনিক হওয়া যাবে তা কিন্তু নয়, এটি হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের সতর্ক হতে হবে যেন এই শক্তি আমাদের মাঝে মিশে গিয়ে আর যেন স্বাধীনতার ক্ষতি না করতে পারে।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। পরে শহিদ মিনারে পুুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। এছাড়া শহিদ মিনারে পুুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন হল, বিভাগ, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পুুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসানের সঞ্চালনায় এবং স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এসময় বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রলীগ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।















