ছাত্রলীগের মিছিলে গ্রেফতার যুবলীগ নেতা সুমন-বিএনপির একাংশের ‘কম মামলা’ তদবিরে তোলপাড়
Oplus_131072
কুমিল্লা নগরীতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে গ্রেফতার হওয়া যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সুমনকে দুর্বল মামলা দিয়ে আদালতে পাঠানোর জন্য বিএনপির একাংশের নেতাকর্মীরা জোর তদবির করছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা পুলিশ সুমনকে গ্রেফতার করে। তিনি নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলি উত্তর গাংচর এলাকার মৃত আলাউদ্দিন আহাম্মদের বড় ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে মাদক মামলাও রয়েছে। সম্প্রতি তিনি বিএনপি থেকে বহিষ্কৃত এক নেতার অনুসারীদের সাথে চলাফেরা শুরু করেন।
গ্রেফতারের পর বিএনপির ওই অংশের নেতাকর্মীরা চেষ্টায় আছেন যাতে দুর্বল মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয় এবং সহজে জামিনে মুক্তি পাওয়া যায়।
কোতোয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “সুমনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। নতুন করে মামলা হতে পারে।” তবে তদবির সংক্রান্ত বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
















