ভোট উৎসবের প্রস্তুতি সম্পন্ন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন
আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এক সাক্ষাৎকারে বলেন, “নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এখন কোনো প্রতিবন্ধকতা নেই। প্রস্তুতি শতভাগ সম্পন্ন।”
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিদেশ থেকে আনা ভোটের কালি এসে পৌঁছেছে, যা নির্বাচন প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভোটের আগে প্রয়োজনীয় প্রায় সব মৌলিক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনার বলেন, “শান্তিপূর্ণ পরিবেশ শুধু নির্বাচনের জন্য নয়, দেশের স্থিতিশীলতার জন্যও অপরিহার্য। রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করায় ভোটের আমেজ তৈরি হয়েছে, মাঠে সক্রিয়তা বাড়লে পরিস্থিতি আরও ভালো হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এবারের নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক।”
গত কয়েকটি জাতীয় নির্বাচনে অনিয়মের কারণে জনগণের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠাই এবারের কমিশনের প্রধান লক্ষ্য। “ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই,”— বলেন আব্দুর রহমানেল মাছউদ। “জাতির স্বার্থে, জনগণের আস্থা পুনরুদ্ধারে এবারের ভোটকে উৎসবে পরিণত করাই আমাদের লক্ষ্য।”
ইসির তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন। গত দুই মাসে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৮ নভেম্বর। এর আগে ১৭ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানো যাবে।
ইসি চূড়ান্তভাবে ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে। পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষসহ মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য এবার প্রথমবারের মতো পোস্টাল ভোটিংয়ের সুযোগ থাকছে। এ লক্ষ্যে ‘পোস্টাল ভোট রেজিস্ট্রেশন অ্যাপ’ চালু করা হবে ১৬ নভেম্বর।
আগামী সপ্তাহ থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনি সংলাপ শুরু হতে পারে। সংলাপে অংশগ্রহণকারী দলগুলোকে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে সহযোগিতা করতে আহ্বান জানানো হবে।
নির্বাচনের আগে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। এতে যুক্ত হয়েছে বেশ কিছু যুগান্তকারী বিধান, যেমন—
– ফেরারি আসামি প্রার্থী হতে পারবেন না
– সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত
– ‘না ভোট’ পুনরায় চালু
– সমান ভোটে পুনঃভোট
– জোটগত নির্বাচনে নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক
– জামানত ৫০ হাজার টাকা
– আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ দণ্ড দেড় লাখ টাকা জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড
– অনিয়ম প্রমাণিত হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা
– পোস্টাল ভোটিংয়ে আইটি সাপোর্ট
– কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে অনিয়ম হলে তা নির্বাচনি অপরাধ
– হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচন-পরবর্তী ব্যবস্থা গ্রহণের ক্ষমতা
সূত্র: বাসস





















