শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

তথাকথিত লকডাউন কর্মসূচি

ত্রিপুরা সীমান্ত দিয়ে অস্ত্র-মাদক ঢোকাচ্ছে আওয়ামী সিন্ডিকেট

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম
ত্রিপুরা সীমান্ত দিয়ে অস্ত্র-মাদক ঢোকাচ্ছে আওয়ামী সিন্ডিকেট

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

১৩ নভেম্বর ঢাকায় ঘোষিত তথাকথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ত্রিপুরা সীমান্ত দিয়ে দেশে আগ্নেয়াস্ত্র ও মাদক ঢোকাচ্ছে আওয়ামী লীগ-সম্পৃক্ত একটি সিন্ডিকেট।

 

গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, চৌদ্দগ্রাম, পদুয়ার বাজার বিশ্বরোড, আলেখারচর ও চান্দিনা এই চারটি পয়েন্টে সমন্বিতভাবে মিছিল, রাস্তা অবরোধ ও সংঘর্ষের পরিকল্পনা রয়েছে। বিজিবির সাম্প্রতিক অভিযানে মাদকের সঙ্গে অস্ত্র উদ্ধারের ঘটনা নিরাপত্তা সংস্থাগুলোর কাছে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজিবি অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, “এই প্রথম মাদকের সঙ্গে অস্ত্র ঢুকছে বাংলাদেশে। এটা খুবই চিন্তার বিষয়।”

 

গত ছয় মাসে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি ও সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস অন্তত ১০ বার ঝটিকা মিছিল করেছে মহাসড়কে। রাফিকে গ্রেপ্তার করা হলেও পিয়াস এখনও ধরাছোঁয়ার বাইরে। তার বাবা মোকাম ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদও এই কর্মকাণ্ডে সহায়তা করছেন বলে তথ্য পাওয়া গেছে।

 

কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং, আদর্শ সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম এই ছয়টি উপজেলার ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিস্তৃত। স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা অভিযোগ করছেন, এসব থানার ওসিদের সক্রিয় ভূমিকার অভাব রয়েছে।

 

চব্বিশের গণঅভ্যুত্থানে কুমিল্লার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। সেখানে বসে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যে পলাতক নেতারা ত্রিপুরাকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে।

 

সীমান্ত এলাকার বাঙালিদের বাড়িতে আশ্রয় নিয়েছে শত শত আওয়ামী কর্মী। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা অবৈধভাবে বসবাস করছে এবং অনলাইনে গুজব ছড়ানোর জন্য নেটওয়ার্কিং সেল গড়ে তুলেছে। জুলাই গণঅভ্যুত্থানে ব্যবহৃত অস্ত্রের অধিকাংশ এখনও উদ্ধার হয়নি।

 

সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনাসহ অর্ধশতাধিক হেভিওয়েট নেতা কুমিল্লা সীমান্ত দিয়ে পালিয়েছে। গুঞ্জন রয়েছে, তাদের পার করাতে বিএনপির কয়েকজন নেতা সহায়তা করেছে। ভারতের সূত্র বলছে, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাহার ও সূচির নেতৃত্বে ক্যাডাররা কুমিল্লা ও মহাসড়কে ম্যাসাকার করতে চায়।

 

নিরাপত্তা বিশ্লেষক ড. মোহাম্মদ ইমরান আনসারী বলেন, “আওয়ামী লীগ পতনের পর সীমান্ত এলাকাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কুমিল্লা, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট বিশেষভাবে ঝুঁকিতে।”

 

কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুল হাসান বলেন, “আওয়ামী লীগ ভুলে গেছে গত বছরের গণঅভ্যুত্থান। তারা আবার দেশে ফিরে অরাজকতা সৃষ্টির চেষ্টায় আছে। আমরা প্রস্তুত, গণধোলাই হবে ইনশাআল্লাহ।”

 

বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা কুমিল্লা সীমান্ত দিয়ে ফেরার চেষ্টা করছে, এমন খবর আমরা পাচ্ছি। বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে প্রতিহতের জন্য।”

 

কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন বলেন, “১১ থেকে ১৩ নভেম্বরের মধ্যে নাশকতার আশঙ্কা রয়েছে। ছাত্রলীগ-যুবলীগের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশিরভাগই ভাড়াটে লোক, যাদের টাকা দিয়ে মিছিল করানো হয়।” তিনি জানান, সাবেক এমপি বাহার ও রওশন আলী মাস্টার এসব কর্মকাণ্ডে অর্থায়ন করছেন।

দেবীদ্বারে প্রশাসনের অভিযানে ২টি ব্রিকফিল্ড ধ্বংস ও দের লক্ষ টাকা জরিমানা

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:১৩ এএম
দেবীদ্বারে প্রশাসনের অভিযানে ২টি ব্রিকফিল্ড ধ্বংস ও দের লক্ষ টাকা জরিমানা

দেবীদ্বারে অবৈধভাবে ব্রিকফিল্ড পরিচালনা করে পরিবেশের ক্ষতি করায় দুটি ব্রিকফিল্ড ধ্বংস ও জড়িমানা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার চরবাকর এলাকায় জেলা ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মেসার্স ফাইভ স্টার ব্রিকস ও মেসার্স এমবিএস ব্রিকস নামের দুটি ব্রিকফিল্ডকে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ধ্বংস করে দেওয়া হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন, ব্রিকফিল্ড স্থাপনের জন্য নিষিদ্ধ এলাকা এবং মাটি কাটার লাইসেন্স বিহীন ও ক্ষমতার প্রভাব খাটিয়ে এসব ব্রিকফিল্ড পরিচালনা করে আসছিল একটি প্রভাবশালী মহল। বর্তমান সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে বিজয়ী হওয়ার পর, পরিবেশের ক্ষতি করে এবং অবৈধভাবে গোমতীর মাটি কেটে যারা ব্রিকফিল্ড পরিচালনা করছেন এসব সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন।

মোবাইল কোর্টের অভিযানে, মেসার্স ফাইভ স্টার ব্রিকস’কে একই আইন এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৮(২) ধারা মোতাবেক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় ও ব্রিক ফিল্ডের চিমনী গুঁড়িয়ে দেয়া হয়।

পরে একই এলাকায় মেসার্স এমবিএস ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৮(২) ধারা মোতাবেক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় ও এসময় ব্রিক ফিল্ডের চিমনী, কিলন গুঁড়িয়ে দেয়া হয় এবং আনুমানিক ১০ হাজার কাঁচা ইট গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযান কালে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহামুদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়সল উদ্দিন, জেলা পরিবেশ অধিদপ্তরের একটি টীম, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, মোবাইল কোর্টে দুটি ইটভাটাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জড়িমানা ও ইটভাটা গুলোর চিমনী ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেবীদ্বারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন, নিয়ম বহির্ভূতভাবে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে। ক্রমেই সকল ইটভাটাগুলোকে বন্ধ করে দেওয়া হবে।

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, গাভী ও পিকআপ উদ্ধার

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৭ পিএম
কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, গাভী ও পিকআপ উদ্ধার

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও লুণ্ঠিত একটি গাভী উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস মুন্সির বাড়ি থেকে একটি গাভী চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দাউদকান্দি থানায় অভিযোগ দায়ের করে। পরে বিষয়টি জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের নজরে এলে তার নির্দেশনায় দাউদকান্দি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— ইব্রাহিম মিয়া, লিটন মিয়া, নুরুল ইসলাম, হযরত আলী ও বিল্লাল।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দিনা থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গাভীটি উদ্ধার করা হয়। এ সময় চোরাই মালামাল হেফাজতে রাখার অভিযোগে শাহজাহান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম বলেন, ‘অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গোয়েন্দা তৎপরতা জোরদারের ফলে দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

দীপা সরকার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৫২ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে বিভিন্নভাবে হেনস্তা করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লায় চলে আসলেও তার পিছু ছাড়েননি ওই যুবক। অবশেষে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে উত্যক্ত করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

 

পরে প্রক্টরিয়াল বডি অভিযুক্ত যুবকের পরিবারকে ডেকে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আজ দুপুর ২টার দিকে এক বহিরাগত আমাদের এক ছাত্রীকে হেনস্তা করে। পরে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসে। আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে তার অভিভাবক ছেলের দায়িত্ব নিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

×
Skip to toolbar