রাতের আগুনে ১০ দোকান ছাই কোটি টাকার ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিবাজারে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঘটে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। ভয়াবহ এই আগুনে ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারিসহ অন্তত ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা আশঙ্কা করছেন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, দোকানগুলোর ভেতরে থাকা মালামাল রক্ষা করার কোনো সুযোগই ছিল না।
খবর পেয়ে কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কসবা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নাজমুল হুদা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এই ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত ও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।


















