কুমিল্লায় গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ঐক্যবদ্ধ থাকলে একটি ন্যায়ভিত্তিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর মহেশাঙ্গন ঈশ্বর পাঠশালায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে—এটাই আমাদের রাজনীতির মূল দর্শন। হিন্দু-মুসলিম-বৌদ্ধ সবাই মিলে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। যুগ যুগ ধরে আমরা একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও একসাথে থাকতে চাই।
তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই—কুমিল্লায় হিন্দু সম্প্রদায় সম্পূর্ণ নিরাপদ থাকবে। কেউ আপনাদের অধিকার ক্ষুণ্ন করার সাহস পাবে না। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচনকে সফল করবেন।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না। শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লা-৬ আসনের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে ভয় ও আতঙ্কের বিষয়ে তিনি বলেন, কারা ভয় দেখাচ্ছে জানি না, তবে আপনাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করেছে। শুধু নির্বাচনের সময় নয়, নির্বাচনের পরও সম্প্রীতির বাংলাদেশে আপনাদের নিরাপত্তা নিশ্চিত থাকবে।
মতবিনিময় সভায় শ্রী চন্দন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহাসহ কুমিল্লার বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার।
















