নড়াইলে অন্ধকারে গ্রামীণ সড়ক বাতি অকেজো
নড়াইল জেলার তিনটি উপজেলার গ্রামীণ সড়কগুলোতে জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের জন্য স্থাপন করা হয়েছিল সৌর বিদ্যুৎচালিত সড়কবাতি। কিন্তু পাঁচ বছরের মাথায় অধিকাংশ বাতি অকেজো হয়ে পড়ায় স্থানীয়রা পড়েছেন চরম দুর্ভোগে।
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, কাবিটা ও টিআর প্রকল্পের আওতায় ২০১৪-১৫ অর্থবছর থেকে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ শুরু হয় এবং ২০১৯-২০ অর্থবছরে এসে কাজ শেষ হয়। কাবিটার অধীনে ২ হাজার ৬৯৫টি এবং টিআর প্রকল্পের অধীনে ৩ হাজার ৩৮৮টি সোলার হোম ও স্ট্রিট লাইট স্থাপন করা হয়। ফলে নড়াইল-কালিয়া, নড়াইল-মাইজপাড়া, নড়াইল-চন্ডীবরপুরসহ অনেক গ্রামীণ সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে ওঠে।
কিন্তু বর্তমানে অধিকাংশ বাতি অকেজো হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, হাট-বাজার পাহারা দেওয়া, স্কুল-মাঠে নিরাপত্তা নিশ্চিত করা—সবকিছুতেই এই বাতিগুলো ছিল গুরুত্বপূর্ণ। এখন বাতি নষ্ট হয়ে যাওয়ায় রাত নামলেই গ্রামীণ এলাকায় ভুতূড়ে পরিবেশের সৃষ্টি হয়।
ফেদি বাজারের ধান ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, “আমাদের বাজার, স্কুল ও মাঠে কিছু বাতি লাগানো হয়েছিল। এর মধ্যে কিছু জ্বলে, আবার কিছু জ্বলে না।” ফুলসর বাজারের কাপড় ব্যবসায়ী ইমামুল ইসলাম জানান, “চার বছর আগে স্থাপন করা বাতি নষ্ট হলে নতুন একটি দেওয়া হয়েছিল। সেটিও কয়েক মাস আগে নষ্ট হয়ে গেছে। এখন অন্ধকারে বাজার পাহারা দিতে ভয় লাগে।”
কালিয়া উপজেলার টাবরা সড়কে সাতটি বাতির একটিও জ্বলে না বলে অভিযোগ করেছেন ইউপি সদস্য ভবরঞ্জন রায়। তিনি জানান, সাইফ পাওয়ারটেক কোম্পানি ওয়ারেন্টি চলাকালে কিছু বাতি মেরামত করলেও পরে আর কোনো ব্যবস্থা নেয়নি।
মরিচপাশা গ্রামের আজম শেখ বলেন, “কবরস্থানের পাশে একটি বাতি দেওয়া হয়েছিল। কয়েক মাস পরই নষ্ট হয়ে যায়। সরকারি অফিসে যোগাযোগ করেও নতুন বাতি পাওয়া যায়নি।” একই এলাকার বাসিন্দা জয়নাল কাজী জানান, “দুই-তিন বছর আগেই অধিকাংশ বাতি নষ্ট হয়ে গেছে। রাত হলেই এলাকায় ভুতূড়ে পরিবেশ তৈরি হয়।”
সাইফ পাওয়ারটেক লিমিটেডের সিনিয়র ম্যানেজার সোয়েবুল ইসলাম বলেন, “ওয়ারেন্টি চলাকালে বাতি নষ্ট হলে আমরা মেরামত করেছি। এখন সময় শেষ হয়ে যাওয়ায় আমাদের কিছু করার নেই। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দায়িত্ব দিলে আমরা আবার মেরামত করব।”
নড়াইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান জানান, “২০১৯-২০ অর্থবছরে প্রকল্প শেষ হয়েছে। পরে বাতি সংরক্ষণের জন্য কোনো বরাদ্দ আসেনি। বরাদ্দ পেলে বাতিগুলো চালু করতে ব্যবস্থা নেওয়া হবে।”



















