“দেখুন নবীনগরের ভূমি অফিসের অবস্থা! তালা ঝুলছে, সেবা বন্ধ”
“নবীনগর উপজেলা ভূমি অফিসে আজও তালা ঝুলছে। জমির কাজ, খাজনা, নামজারি করতে আসা সাধারণ মানুষকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এই অব্যবস্থার জবাব কে দেবে?
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিসে ঈদের ছুটি শেষে ২৪ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দে অফিস খোলার কথা থাকলেও বাস্তবে দেখা যায় কক্ষগুলোতে এখনো তালা ঝুলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনো কর্মকর্তা উপস্থিত নেই। এতে সেবা নিতে আসা উপজেলাবাসী ক্ষুদ্ধ হয়ে ওঠেন।
উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর জেলা সদরে সাপ্তাহিক মিটিংয়ে উপস্থিতির দায় সারা বক্তব্য দিয়ে অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সাংবাদিকদের।
এদিকে সাধারণ শাখা খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে কেবলমাত্র একজন উপস্থিত ছিলেন। নেটিজেনরা সরকারি আমলাদের এমন আচরণে হতাশা প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, “দীর্ঘ ছুটির পর কেন তারা অফিসে আসেননি সে বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।”
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা চলছে। সাধারণ মানুষ বলছেন, সরকারি ছুটি শেষ হলেও অফিস বন্ধ থাকা জনসেবার প্রতি চরম অবহেলা।
















