কুমিল্লায় শিশুদের হাম আউটব্রেক তীব্র আকার
শিশুদের মাঝে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় অভিভাবক ও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞরা দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
কুমিল্লায় শিশুদের মধ্যে হামের আউটব্রেক দেখা দিয়েছে। হাম একটি সম্পূর্ণ ছোঁয়াচে রোগ যা মিসেলস ভাইরাসের কারণে হয়। এ রোগে আক্রান্ত শিশুর তীব্র জ্বর, গলাব্যথা, সর্দি, কাশি এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। মুখের ভিতরে সাদা সাদা দাগ বা কপলিক স্পটও লক্ষ্য করা যায়। হাম সাধারণত হাঁচি ও কাশির মাধ্যমে বাতাসের মাধ্যমে ছড়ায়। ভাইরাস শরীরে প্রবেশের ১০ থেকে ১২ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। আক্রান্ত রোগীকে অন্যদের থেকে ন্যূনতম ৫ থেকে ৭ দিন আলাদা রাখা অত্যন্ত জরুরি। হামের বিপদজনক লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, অতিরিক্ত বমি, খিঁচুনি, মুখের ভিতর সাদা ঘা, চোখে ঘোলা ভাব এবং ডায়রিয়া। এসব লক্ষণ দেখা দিলে শিশুকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করাতে হবে। হামের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমিয়ে দেয়। ফলে অন্যান্য শক্তিশালী জীবাণু সহজেই শরীর আক্রমণ করতে পারে। এর ফলে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ (এনসেফালাইটিস), কানের ভিতরের পর্দায় ইনফেকশনসহ জটিল রোগ দেখা দিতে পারে। এছাড়া হামের পর শরীরে ভিটামিন এ-এর মজুত কমে যায়, যা চোখের গুরুতর ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদে অন্ধত্ব পর্যন্ত ঘটাতে পারে। করণীয়:
হামে আক্রান্ত শিশুকে পর্যাপ্ত পানি ও তরল খাবার, পুষ্টিকর খাবার দিতে হবে। বিপদজনক লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নিয়ে যেতে হবে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়ে ডা. বনশ্রী সাহা বলেন, “স্কুল বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলো অবিলম্বে বন্ধ রাখা উচিত। অনলাইনের মাধ্যমে আপাতত শিক্ষা কার্যক্রম চালু রাখা যেতে পারে।”
ডা. বনশ্রী সাহা
এমবিবিএস, পিজিডিএমইউ (আল্ট্রা), এফআইপিএম (ভারত), পিএইচডি (স্কলার)
(মা ও চিকিৎসক গবেষক)

















