কুমিল্লাকে মেট্রোপলিটন বানাতে চান মনিরুল হক চৌধুরী
Oplus_131072
“এলাকার উন্নয়নের জন্য যেকোনো কাজকে আমি ঈমানের অংশ মনে করি”—এমন প্রত্যয় নিয়ে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরীতে রূপান্তরের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
শুক্রবার বিকেলে আমড়াতলী ইউনিয়নের মাঝিগাছায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি কাজপাগল মানুষ। জনগণের কল্যাণে আমৃত্যু কাজ করে যেতে চাই।”
তিনি বলেন, “তফসিল ঘোষণা হয়ে গেছে, দেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় লন্ডনে তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে গেছে। এই সংকটকালে দেশনেত্রী হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের এখন একমাত্র দায়িত্ব তাঁর জন্য দোয়া করা।”
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মনিরুল হক বলেন, “৩০ বছর আগে আমি গোমতীর উত্তরের চলাচলের জন্য চাঁনপুর বেইলি ব্রিজ নির্মাণ করেছিলাম। এখন সেখানে যানজট লেগে থাকে। আমি নতুন ব্রিজের জন্য আবেদন করি এবং বরাদ্দও পাশ হয়।”
তিনি আরও বলেন, “আমড়াতলী ও পাঁচথুবী নিয়ে আমার আলাদা পরিকল্পনা রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের দ্বিতীয় শাখা, ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পৃথক ক্যাম্পাস গোমতীর উত্তরে স্থাপন করাই আমার বহুদিনের স্বপ্ন। আল্লাহ আমাকে কবুল করেছেন, দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথ খুলে দিয়েছেন।”
সবচেয়ে বড় ঘোষণা আসে কুমিল্লাকে ঘিরে। তিনি বলেন, “আমি কুমিল্লাকে মেট্রোপলিটন নগরীতে রূপান্তর করব। সিটি কর্পোরেশনের সীমানা উত্তরে বুড়িচং, পূর্বে গোলাবাড়ি এবং পশ্চিমে ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পর্যন্ত বাড়ানো হবে। এই স্বপ্ন বাস্তবায়নে দরকার শুধু আপনাদের দোয়া ও একটি ভোট।”
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আমড়াতলী ইউনিয়ন বিএনপি নেতারা। উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, আমিরুজ্জামান আমির, নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, এডভোকেট আক্তার হোসেন, মোবারক হোসেন, ফয়সালুর রহমান পাভেল, রিয়াজ উদ্দিন রিয়াজ, আতিক সেলিম রুবেল, আবু হানিফ, সোহেল মজুমদার, নাদিমুল ইসলাম শিশির, তোফায়েল আহমেদ, হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ খোকা, নুর মোহাম্মদ মজুমদারসহ দক্ষিণ জেলার নেতাকর্মীরা।






















