চান্দিনায় সুদের টাকা না পেয়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন
Oplus_131072
কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় আলী আকবর নামের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। সোমবার সকালে চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। সকাল সাড়ে আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে তাঁকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। বিকেলে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রসুলপুর গ্রামের আবুল কালাম ও তাঁর ছেলে বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। দুই বছর আগে আলী আকবর তাঁর ছেলেকে বিদেশে পাঠানোর জন্য বোরহানের কাছ থেকে সত্তর হাজার টাকা ঋণ নেন। বোরহান সুদসহ এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। টাকা পরিশোধ করতে না পারায় সোমবার সকালে আকবরকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আলী আকবরের ছেলে ইব্রাহীম খলিল জানান, তাঁর বাবা টাকা ফেরত দেওয়ার জন্য কিছুদিন সময় চেয়েছিলেন। কিন্তু বোরহান সেই সময় না দিয়ে তাঁর বাবার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন। তিনি বলেন, “কার কাছে এই ঘটনার বিচার চাইব?”
নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাত দশটার দিকে চান্দিনা থানার পুলিশ রসুলপুর এলাকা থেকে বোরহানকে আটক করে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বোরহান একাই ওই বৃদ্ধকে নির্যাতন করেছেন। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।



















