র্যাব’র অভিযানে বিদেশী মদ বিয়ার ও গাঁজাসহ ১ জন গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর পৃথক দুটি অভিযানে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ, বিয়ার ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর ও অরন্যপুর এলাকায় অভিযান চালায়। এ অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ ও ১৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
পৃথক অপর একটি অভিযানে একই দিন দুপুরে আমড়াতলী ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় মোঃ সাকিব (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১৮ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত সাকিব দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। র্যাব-১১ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, র্যাব-১১ দায়িত্বপূর্ণ এলাকায় গত ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৩৫৩ জন চাঞ্চল্যকর অপরাধী, ৩ জন শীর্ষ সন্ত্রাসী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, ১৯৪ জন হত্যা মামলার আসামী, ১১১ জন ধর্ষণ মামলার আসামী, ৪৯ জন অস্ত্র মামলার আসামীসহ বিপুল সংখ্যক অপরাধীকে গ্রেফতার করেছে। এছাড়া ১৪৫টি অস্ত্র, ১৪৪১ রাউন্ড গুলি, ৫৫৩ জন মাদক কারবারি এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে জনগণের আস্থা অর্জন করেছে।
























