জাহানারার বিস্ফোরক অভিযোগে তোলপাড় নারী ক্রিকেট
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার, ৬ নভেম্বর, একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম মঞ্জু এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন। সাক্ষাৎকারে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, “আমার ক্যারিয়ার ধ্বংস করার পেছনেও দলের কিছু কোচিং স্টাফ ও খেলোয়াড়ের ভূমিকা ছিল।”
এই অভিযোগের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি তদন্তে নেমেছে। বৃহস্পতিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, “জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসদাচরণের উল্লেখ রয়েছে। বিসিবি সব খেলোয়াড় ও কর্মকর্তার জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জাহানারার পাশে দাঁড়িয়ে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটি নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে সব স্তরে এমন ঘটনার গভীর তদন্তের দাবি জানিয়েছে।
এর আগে এক জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন জাহানারা, যা বিসিবি ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছিল।
২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয় জাহানারার। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

























