বিসিবির দুর্নীতি : ভাউচার আছে মাটি নেই
Oplus_131072
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ তুলেছেন বোর্ড পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। সম্প্রতি একটি টক শোতে তিনি বলেন, “গত ছয় মাসে বিসিবির দুর্নীতি আগের ১৫ বছরের দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে।” তার এই মন্তব্যে দেশের ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোড়ন।
তবে দীপনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “উনার এই বক্তব্য আমি মেনে নিচ্ছি না। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত।” তিনি আরও জানান, বর্তমান বোর্ড কোনো নির্দিষ্ট সময়ের নয়, বরং গত ১৫ বছরের কর্মকাণ্ডের ওপরই অডিট করছে।
বুলবুল বলেন, “বর্তমান বোর্ড একটি ট্রানজিশন পিরিয়ড অতিক্রম করছে। গত ১৫ বছর একটি নির্দিষ্ট সিস্টেমে কাজ হয়েছে। কোথাও পিচের মাটি কেনার ভাউচার থাকলেও বাস্তবে সেই মাটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ ধরনের বিষয়গুলো নিয়েই এখন অডিট চলছে। যেখানে কাজ করা প্রয়োজন, সেখানেই আমরা হাত দিচ্ছি।”
এদিকে আসন্ন বিপিএল নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তিনি জানান, “গত আসরে নানা অনিয়মের অভিযোগ ছিল। এবার আমরা একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন বিপিএল উপহার দিতে চাই।” তিনি আরও বলেন, “বিপিএলের পরই রয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই ফরম্যাটে ভালো প্রস্তুতি নিশ্চিত করাও আমাদের লক্ষ্য।”
বিসিবির অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগ সামনে আসায় দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে স্বচ্ছতা প্রতিষ্ঠার সুযোগ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি বোর্ডের ভেতরের বিভাজনের বহিঃপ্রকাশ।



















