সাক্কুর বহিষ্কার প্রত্যাহার নিয়ে বিএনপির হাইকমান্ডে কৌশলগত ভাবনা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে দলীয় অবস্থান শক্তিশালী করতে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে বিএনপির হাইকমান্ড কৌশলগতভাবে চিন্তা করছে। দলীয় কোন্দল নিরসন ও মাঠপর্যায়ে ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ সূত্রের বরাতে জানা গেছে, রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ বাসভবনে সাক্কুর সঙ্গে একান্ত বৈঠক করেছেন। বৈঠকে কুমিল্লা-৬ আসনের রাজনৈতিক বাস্তবতা, স্থানীয় নেতাকর্মীদের মনোভাব এবং নির্বাচনি সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্কু নিজেও জানিয়েছেন, “আমি আদি বিএনপি। বহিষ্কৃত হলেও দলের আদর্শে আছি, কর্মসূচিতে অংশ নিচ্ছি। যারা এখন মাঠে হৈচৈ করছেন, তারা আমার জুনিয়র।”
দলীয় পর্যবেক্ষণে দেখা গেছে, সাক্কুর জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের প্রভাব বিবেচনায় তাকে পুনরায় দলে ফিরিয়ে আনার মাধ্যমে কুমিল্লায় বিএনপির সাংগঠনিক শক্তি বাড়ানো সম্ভব। বিশেষ করে মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে জয়ী করতে সাক্কু নিজেই মাঠে কাজ শুরু করেছেন বলে জানা গেছে।
বিএনপির একটি অভ্যন্তরীণ সূত্র বলছে, “সাক্কুর মতো নেতারা দলে ফিরলে কুমিল্লায় বিভক্তি কমবে, মাঠে ঐক্য আসবে। হাইকমান্ড এখন কৌশলগতভাবে ভাবছে, কে দলের জন্য বাস্তবিকভাবে কার্যকর।”
তবে এখনো আনুষ্ঠানিকভাবে বহিষ্কার প্রত্যাহারের ঘোষণা আসেনি। দলীয় পর্যবেক্ষণ চলছে, এবং নির্বাচনের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সাক্কুর অনুসারীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়েছেন, যা দলীয় ঐক্য ও নির্বাচনি প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।






















