নির্বাচনী শৃঙ্খলায় দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াত প্রার্থী
Oplus_131072
নির্বাচনী আচরণবিধি মেনে চলার দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লা–৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় নিজ এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে কাজী দ্বীন মোহাম্মদ নিজ নামে ছাপানো পোস্টারগুলো সরিয়ে ফেলতে নির্দেশ দেন এবং তার কর্মী-সমর্থকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত পোস্টার, ব্যানার ও ফেস্টুন নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী নিজ দায়িত্বে ও ব্যয়ে অপসারণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা জামায়াত আমীর মো. মিজানুর রহমানসহ স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “নির্বাচন কমিশন ও নির্বাচন আইনের (আরপিও) নির্দেশনা মেনে চলা আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। আমরা সর্বোচ্চ শৃঙ্খলা ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ। পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা আইনগত বাধ্যবাধকতা, তাই আমরা তা যথাসময়ে বাস্তবায়ন করছি।”
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এমন উদ্যোগ নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও সমন্বিত রাখতে সহায়ক হবে।






















