মনোনয়ন না পেয়ে হাঁস প্রতীকে হাজী ইয়াছিনের চমক
Oplus_131072
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন। সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা-৬ (সদর) আসন থেকে তার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।
দলীয় মনোনয়ন না পেলেও নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে হাজী ইয়াছিন এবার নির্বাচন করছেন হাঁস প্রতীকে। মনোনয়ন দাখিলের সময় তার অনুসারীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্লোগান, করতালি আর আবেগঘন মুহূর্তে মুখরিত হয় পরিবেশ।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার বলেন, “জেল-জুলুম, মামলা-হামলার সময় যিনি পাশে ছিলেন, তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এই অবিচারের প্রতিবাদেই নেতাকর্মীদের ভালোবাসা নিয়ে হাজী ইয়াছিন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।”
দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এই নেতার প্রতি সাধারণ ভোটারদের মাঝেও রয়েছে এক গভীর আবেগ। অনেকেই মনে করছেন, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই নেতার প্রতি অবিচার হয়েছে। এবার সেই ক্ষোভই রূপ নিচ্ছে ভোটের লড়াইয়ে।
একই আসনে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরী দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় কুমিল্লা-৬ আসনে সৃষ্টি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। একই দলের দুই হেভিওয়েট নেতার অবস্থান মাঠের রাজনীতিতে তৈরি করেছে বিভ্রান্তি ও দ্বন্দ্ব।
তবে হাজী ইয়াছিনের অনুসারীরা বলছেন, এটি কেবল একটি প্রার্থিতা নয়—এটি তৃণমূলের দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও অধিকার ফিরে পাওয়ার লড়াই। তাই কুমিল্লা-৬ আসনের নির্বাচন এবার হয়ে উঠেছে আবেগ, অভিমান ও রাজনৈতিক বাস্তবতার এক কঠিন পরীক্ষা।
























