ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগ নেতা জামিনে বেরিয়েই যুবদল নেতাদের নিয়ে বিদ্যালয়ে মব
Oplus_131072
জাল সনদে চাকরি হারানো আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সুজন জামিনে বেরিয়েই যুবদল নেতাদের নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে নারী শিক্ষিকাকে লাথি মেরে ফেলার ঘটনায় ব্রাহ্মণপাড়ায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রবিবার ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাসিনা ইসলামকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেন। গুরুতর আহত হাসিনা ইসলাম বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সাক্ষীদের অভিযোগ, সুজনের সঙ্গে ছিলেন তার চাচাতো ভাই সিদলাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহেল রানা। তাদের সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির প্রায় অর্ধশতাধিক কর্মী বিদ্যালয়ে প্রবেশ করে মব তৈরি করে। এ সময় বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাঙচুর করা হয় এবং শিক্ষিকার মোবাইল ফোন, কাগজপত্র ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষিকা বলেন, “৬০ থেকে ৭০ জন মানুষ আমার ওপর হামলা করেছে। আমাকে চেয়ার থেকে লাথি মেরে টেনে-হিঁচড়ে বের করে দিয়েছে। কোমরে প্রচণ্ড ব্যথা, দাঁড়াতে পারছি না।” তিনি আরও জানান, হামলাকারীরা তার মোবাইল ফোন নষ্ট করে দিয়েছে।
সহকারী শিক্ষিকা সাহিদা বেগম বলেন, “একজন নারী শিক্ষকের ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে তা সহ্য করার মতো নয়।”
অভিযুক্ত সুজন দাবি করেন, হাইকোর্টের রায়ের ভিত্তিতে তিনি বিদ্যালয়ে যোগদান করতে গিয়েছিলেন। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, “আমিনুল ইসলাম সুজন নিয়োগসংক্রান্ত কাগজ দেখিয়েছেন। তবে একজন নারী শিক্ষকের ওপর হামলার বিষয়টি আমি সাংবাদিকদের কাছ থেকে জানতে পারলাম। পুলিশ ব্যবস্থা নেবে।”
প্রসঙ্গত, সুজন এর আগে জাল সনদে চাকরি করার অভিযোগে বরখাস্ত হয়েছিলেন। গত বছরের ডিসেম্বর মাসে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে এবং সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।
এই ঘটনার পর পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, একজন নারী শিক্ষকের ওপর প্রকাশ্যে এমন হামলা সমাজে অশান্তি ও ভয়ের পরিবেশ তৈরি করেছে।



















