আখাউড়ায় ‘মাদক সম্রাজ্ঞী শশী’র ভিডিও ভাইরাল জেলাজুড়ে তোলপাড়
Oplus_131072
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তঘেঁষা আখাউড়া অঞ্চলে গড়ে ওঠা একটি শক্তিশালী মাদক সিন্ডিকেটের হোতা হিসেবে পরিচিত ‘মাদক সম্রাজ্ঞী শশী’ আবারও আলোচনায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হলে জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিতর্কিত এই তরুণী শশী নিজেকে ‘পুবের মেয়ে’ হিসেবে পরিচয় দেন। আঞ্চলিক ভাষায় আখাউড়াকে বলা হয় ‘পুবে’ বা ‘ফুব্বা’। সীমান্তবর্তী এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই চোরাচালান ও মাদক প্রবেশের রুট হিসেবে পরিচিত।
ভিডিওতে দেখা যায়, শশী প্রকাশ্যে মাদক সেবন করছেন এবং তা প্রচার করছেন ফেসবুকের মতো প্ল্যাটফর্মে। আইনজীবীরা বলছেন, এটি শুধু মাদক সেবন নয়, বরং তরুণ সমাজকে প্ররোচিত করার শামিল, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডনীয় অপরাধ।
স্থানীয়রা অভিযোগ করেছেন, শশী কেবল মাদক নয়, দেহ ব্যবসার সাথেও জড়িত। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সোচ্চার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া হেল্প লাইন ও ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া নামের দুটি সামাজিক সংগঠন।
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ আজিজি বলেন, “আমাদের এই পবিত্র মাটিকে আমরা মাদকের স্বর্গরাজ্য হতে দেব না। যারা সমাজে মাদককে প্রমোট করছে, তারা সমাজের শত্রু। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আমরা বৃহৎ আন্দোলনে যাব।”
স্থানীয়রা জানান, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়া সমাজের নৈতিক ভিত্তিকে ভেঙে দিচ্ছে।
আইনজীবীরা জানান, মাদক সেবন, বহন ও প্রচার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ডিজিটাল মাধ্যমে প্রচার করলে ডিজিটাল নিরাপত্তা আইনেও ব্যবস্থা নেওয়া সম্ভব।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ওসি মোঃ জাবেদ উল ইসলাম জানান, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

















