ভোটের মাঠে ভয় : অ-স্ত্র, বন্দি পলায়ন ও নিরাপত্তা শঙ্কা
Oplus_131072
জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, কুমিল্লাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন অতীতের মতো নয়—দেড় বছর আগে ঘটে যাওয়া রক্তক্ষয়ী অভ্যুত্থানের রেশ এখনো কাটেনি।
পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা বলেন, “সহিংসতা বেড়েছে, এটা সত্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনকার বাস্তবতা মাথায় রেখে কাজ করতে হবে।”
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বলেন, “মাঠে দৃশ্যমান নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নেই। আগের মতোই ঢিলেঢালা অবস্থা। ইসিকে বলেছি, মাঠে আরও সক্রিয় হতে হবে।”
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের ৫,৭৬৩টি অস্ত্র ও ৬ লাখ ৫২ হাজার ৮টি গুলি লুট হয়। এর মধ্যে প্রায় দেড় হাজার অস্ত্র ও দুই লাখ ৪৩ হাজার গুলি এখনো উদ্ধার হয়নি।
এছাড়া, অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭১০ জন দুর্ধর্ষ বন্দির অনেকেই এখনো অধরা। কুমিল্লায়ও এসব পলাতক অপরাধীদের অনুসারীরা সক্রিয় হয়ে উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিএনপির গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী এস এম জিলানী সম্প্রতি এক সভায় বুলেটপ্রুফ জ্যাকেট পরে বক্তব্য দেন। তিনি বলেন, “জীবনের হুমকি আছে, তাই সতর্ক থাকতে হচ্ছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, “নির্বাচনের মতো বড় রাজনৈতিক ঘটনার সঙ্গে অপরাধের বাস্তবতা জড়িত। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ না হলে ভোটের মাঠে তার প্রভাব পড়বে।”
পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. রেজাউল করিম জানান, “অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনের আগেই আরও উদ্ধার সম্ভব হবে।”




















