ব্রাহ্মণপাড়ায় রমজানে কোচিং ও গাইড বই বাণিজ্যের অভিযোগ
রমজানের ছুটি শুরু হলেও সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে চলছে কোচিং ও গাইড বই বাণিজ্য। অষ্টম থেকে একাদশ শ্রেণির প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীকে ছুটির মধ্যেও স্কুলে আসতে বাধ্য করা হচ্ছে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কোচিং ও গাইড বই বাণিজ্যের নেপথ্যে রয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক এবং কলেজ শাখার ইনচার্জসহ একটি প্রভাবশালী চক্র। ফি কমাতে আবেদন করায় শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতিও দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, অষ্টম শ্রেণির তিনটি শাখায় তিন শতাধিক, দশম শ্রেণিতে দুই শতাধিক এবং একাদশ শ্রেণিতে দুই শতাধিক শিক্ষার্থীকে ছুটির মধ্যেও নিয়মিত কোচিং করানো হচ্ছে। এর বাইরে এসএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্টের নামে পরীক্ষা নেওয়া হচ্ছে।
বিশেষ সূত্রের বরাতে জানা গেছে, দুটি নামী প্রকাশনী সংস্থার কাছ থেকে বড় অঙ্কের অর্থ গ্রহণ করে শিক্ষার্থীদের নির্দিষ্ট গাইড বই কিনতে বাধ্য করছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল শাখায় ‘লেকচার’ এবং কলেজ শাখায় ‘পাঞ্জেরি’ প্রকাশনীর বই ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, এই অর্থ ভাগাভাগি নিয়ে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেছেন, ছুটির দিনে শিক্ষার্থীদের জিম্মি করে একশ্রেণির শিক্ষক পকেট ভারী করছেন। তারা দ্রুত শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি পৌঁছেছে। তারা জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।















