কুমিল্লা সড়কের ধুলাবালিতে অতিষ্ঠ নগরবাসী, নামমাত্র পরিচ্ছন্নতা অভিযান
কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সড়কের দুপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ধুলাবালিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বাসাবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র ধুলার আস্তরণ পড়ে পরিবেশ দূষিত হয়ে উঠেছে। শুষ্ক মৌসুমে সামান্য বাতাসেই ধুলা উড়ে ঘরবাড়ি নোংরা করছে, ফলে শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানি ও চোখের নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকেই।
নগরীর প্রধান ও উপসড়কগুলোতে নতুন রাস্তা নির্মাণের পর কয়েক বছর ধরে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান না থাকায় রাস্তার পাশে পাহাড়সম ধুলাবালি জমে রয়েছে। এতে যানবাহনে চলাচলরত যাত্রী ও পথচারীরা পড়ছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে মোটরসাইকেল আরোহী ও রিকশাচালকদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সিটি কর্পোরেশন মাঝে মধ্যে লোক দেখানো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালালেও তা স্থায়ী উদ্যোগে রূপ নেয় না। ফলে অল্প সময়ের মধ্যেই আগের অবস্থায় ফিরে যায় পুরো শহর।
নাগরিকদের দাবি, নিয়মিত পানি ছিটানো, সড়ক ঝাড়ু দেওয়া এবং ভ্যাকুয়াম ক্লিনার মেশিনের মাধ্যমে ধুলা অপসারণের কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রাস্তার পাশে অবৈধভাবে বালু, মাটি ও নির্মাণসামগ্রী ফেলে রাখার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন কুমিল্লাবাসী।













