কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
র্যালিতে অংশ নেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, স্বাধীনতার সূচনালগ্ন থেকে শেষ পর্যন্ত যারা অবদান রেখেছেন তাদের স্মরণ করছি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনে যুদ্ধ এবং জনগণের সহযোগিতায় আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আগামীর বাংলাদেশ যেন সুখী সমৃদ্ধ হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন বিভাগ ও সংগঠন শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।




















