কুমিল্লায় পরিচ্ছন্ন নগর গড়তে কুসিকের সাপ্তাহিক অভিযান
Oplus_131072
পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগর গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
শনিবার সকালে নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কের ১০ নম্বর ওয়ার্ডে কুসিকের উদ্যোগে শুরু হওয়া সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রশাসক টিপু জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আওতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে একযোগে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় মশা নিধন, বর্জ্য অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নগর উন্নয়ন ও পরিবেশগত মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। একটি আধুনিক ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুমিল্লাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা মহানগর বিএনপির নেতা নিজাম উদ্দিন কায়ছার, জেলা যুবদলের আহ্বায়ক আনোরুল হক, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, বিএনপির নেতা সাজ্জাদুল কবির সাজ্জাদ এবং মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা উপস্থিত ছিলেন। এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

















