কুমিল্লায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী দম্পতি গ্রেফতার ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার
Oplus_131072
কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল রাতে অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শাসনগাছা রেলগেইট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী জুবায়ের হোসেন জুয়েল (৩৩)কে গ্রেফতার করা হয়।
অভিযানকালে জুবায়ের হোসেন জুয়েল ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩১)কে আটক করা হয়। তাদের দেখানো মতে বসতঘরের একটি ভাঙা চেয়ারের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১,১৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত লোকজনের সম্মুখে আইনানুগভাবে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা স্বীকার করেন, ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


















