আওয়ামীলীগের ইতিহাস লুটপাটের ইতিহাস
ফ্যাসিস্ট আমলে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা লোপাট হয়েছে – কুমিল্লায় সালাউদ্দিন আহমেদ

আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের এবং বিএনপির ইতিহাস সংস্কারের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এ বক্তব্য দেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, “১৬ বছর পর এমন একটি দিন পেলাম। এ দেশের মানুষ বিস্মৃত হতে চায় না। ফ্যাসিস্ট আমলে দুই লক্ষ ৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। ব্যাংকিং সেক্টরে পাঁচ লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ। এই আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের ইতিহাস।”
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, ২০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। এসব ভোলা যাবে না। আমরা সংস্কারের সংগ্রাম, বিচারের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। অতীতের শোষণ ও নির্যাতনের বিচার হবেই। তবে এজন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না।”
বিএনপির ভিশন–২০৩০ ও ৩১ দফার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে এক মহাকাব্যের নাম ৩১ দফা। কেউ এর বাইরে গ্রহণযোগ্য কিছু দিলে আমরা তা গ্রহণ করব। বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস।”
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
সম্মেলনের সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। এদিন তাকে সভাপতি ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৭টি ইউনিয়ন ও ৯৯৯টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।





















