হামের ভয়াবহতা বাড়ছে অভিভাবকদের সতর্কতা জরুরি
Oplus_131072
রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,২৩৬ শিশু। নমুনা পরীক্ষায় ২২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে দেশে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। মার্চ মাস থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২১ জন এবং হামের লক্ষণ নিয়ে ১২৮ শিশুর মৃত্যু হয়েছে।
ঢাকা বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি। গত একদিনে এখানে নতুন করে ভর্তি হয়েছে ২৫৬ শিশু। চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯২, খুলনায় ৬৫, বরিশালে ৫০, সিলেটে ২১, রংপুরে ১৭ এবং ময়মনসিংহে ১৫ শিশু ভর্তি হয়েছে। বরগুনা সদর উপজেলায় প্রতি ১০ লাখে হাম সংক্রমণের হার ২৯৪ দশমিক ৫ জন, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
পরিস্থিতি মোকাবেলায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশে লিখিত নোটিস জারি করেছে। জ্বর, ফুসকুড়ি বা সংক্রামক রোগের উপসর্গ দেখা দিলে শিক্ষার্থীদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত স্কুলে না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। অনেক প্রতিষ্ঠান মৌখিকভাবেও একই নির্দেশনা দিয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত শিশুদের দ্রুত আইসোলেট করা, স্কুলে উপস্থিতি নীতিতে নমনীয়তা আনা এবং টিকাদান কার্যক্রম জোরদার করাই সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ৩০টি উপজেলায় হামের হটস্পট নির্ধারণ করে টিকাদান কর্মসূচি শুরু করেছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় টিকা কার্যক্রম শুরু হবে এবং ৩ মে থেকে দেশব্যাপী এ কার্যক্রম চালু হবে।




















