কুমিল্লা মেডিকেল কলেজে হাম রোগীর চাপ শয্যা সংকটে বারান্দায় চিকিৎসা
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হাম সংক্রমণ শুরু হওয়ার পর থেকে রোগীর চাপ দ্বিগুণ হয়ে পড়েছে। বরাদ্দকৃত ৪০ শয্যার বিপরীতে প্রতিদিন তিনগুণ রোগী ভর্তি থাকলেও বর্তমানে শয্যা সংকট চরমে পৌঁছেছে। ফলে অনেক শিশুকে বারান্দায় চাটাই পেতে কিংবা মেঝেতে বিছানা বিছিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
৬ এপ্রিল সোমবার হাসপাতালে গিয়ে দেখা যায়, নিচতলায় একটি এবং দোতলায় দুটি মিলিয়ে মোট তিনটি কক্ষকে আইসোলেশন ইউনিটে রূপান্তর করা হয়েছে। সেখানে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার অন্তত ৩২ জন শিশু ভর্তি রয়েছে। তবে জায়গা সংকুলান না হওয়ায় অনেক রোগীকে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।
চাঁদপুরের হাজিগঞ্জ থেকে আসা ফারজানা আক্তার জানান, তার ছয় মাস বয়সী শিশু আয়াতকে ভেন্টিলেশনের মাধ্যমে অক্সিজেন দেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আসা সুখেন দাশ বলেন, সিট না পাওয়ায় বারান্দায় চিকিৎসা নিচ্ছেন তার পাঁচ মাস বয়সী শিশু রাজু।
শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের রোগীরা তুলনামূলক ভালো চিকিৎসার জন্য এখানে আসেন। তিনি জানান, শয্যা সংকটের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিশু রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু হলে এই চাপ অনেকটা কমে আসত।



















