সীমান্ত থেকে শহরে’ কুমিল্লায় ইয়াবা চক্রের মূলহোতা গ্রেফতার
কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন পাঁচোড়া এলাকায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ সৈকত খান (৩৪) নামক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে উদ্ধার করা হয় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট।
গ্রেফতারকৃত সৈকত খান কুমিল্লা জেলার বুড়িচং থানার পাঁচোড়া গ্রামের মৃত শফিকুল হকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা ও দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
র্যাব-১১ এর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। র্যাব জানায়, মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
















